ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

সাবেক ফুটবলারের পাশে দাঁড়ালো বিসিবি

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৭:০৮, ৬ জুন ২০২৩
সাবেক ফুটবলারের পাশে দাঁড়ালো বিসিবি
ছবি- সংগৃহীত

জাতীয় ফুটবল দলের সাবেক তারকা গোলরক্ষক মোহাম্মদ মহসিনের চিকিৎসার দায়িত্ব নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শারীরিকভাবে গুরুত্বর অসুস্থ ও মানসিক ভারসাম্য হারিয়ে ফেলা মহসিনের সু-চিকিৎসার জন্য পাশে দাঁড়িয়েছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।

মঙ্গলবার দুপুরে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী। তিনি বলেন, আমাদের বোর্ড সভাপতি অসুস্থ তারকা ফুটবলার মহসিন ভাইয়ের পাশে দাঁড়ানোর কথা বলেছেন। আমরা তার পাশে থাকতে চাই। তার চিকিৎসার সমুদয় ব্যবস্থা করার চেষ্টা করব।

তিনি আরো বলেন, ‘বিসিবির পক্ষ থেকে মহসিনের চিকিৎসার জন্য যা যা প্রয়োজন, তা করা হবে। তার ছোট ভাইকে জানানো হয়েছে, যেখানে তার চিকিৎসা হয়, সেসব কাগজপত্র নিয়ে যোগাযোগ করতে এবং বিসিবির পক্ষ থেকে আর্থিক সহায়তাসহ চিকিৎসা নিশ্চিতের সম্ভাব্য সবরকম চেষ্টাই থাকবে।’

Advertisement

বিসিবির প্রধান নির্বাহী বলেন, ‘মহসিন ভাইয়ের যে জমি সংক্রান্ত ব্যাপার আছে, যা বেদখলের অভিযোগও আছে। সেটা পুনরুদ্ধারে বিসিবি সবরকম সহযোগিতা করবে। আমরা এরই মধ্যে বিসিবির লিগ্যাল অ্যাডভাইজারের সাথে কথা বলেছি। মহসিন ভাইয়ের ছোট ভাইকে কাগজপত্রসহ বিসিবিতে যোগাযোগ করতে বলা হয়েছে। আশা করি মহসিন ভাইয়ের শারীরিক অবস্থা উন্নতির পাশাপাশি তার বেদখল করা জমি পুনরুদ্ধারেও বিসিবি সহায়তা করতে পারবে।’

মহসিনের চিকিৎসার জন্য এককালীন নির্দিষ্ট পরিমাণ অর্থ বরাদ্দ দিয়েই দায়িত্ব সারতে নারাজ বিসিবি। এ দেশবরেণ্য সাবেক জাতীয় ফুটবলারের সমুদয় দায়দায়িত্ব কাঁধে নিতে আগ্রহী দেশের ক্রিকেট বোর্ড। এরই মধ্যে প্রক্রিয়া শুরুও হয়েছে বলে জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!