ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

আফগানিস্তানকে রেকর্ড ব্যবধানে হারাল শ্রীলংকা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২০:৩৯, ৪ জুন ২০২৩
আফগানিস্তানকে রেকর্ড ব্যবধানে হারাল শ্রীলংকা
ফাইল ছবি

ব্যাটার ও স্পিনারদের নৈপুণ্যে আফগানিস্তানকে রেকর্ড ব্যবধানে হারিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে সমতা এনেছে শ্রীলংকা। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আফগানদের ১৩২ রানের বড় ব্যবধানে হারিয়েছে লংকানরা।

ওয়ানডেতে আফগানিস্তানের বিপক্ষে এটাই শ্রীলংকার সবচেয়ে বড় ব্যবধানে জয়। সিরিজে এখন ১-১ সমতা বিরাজ করছে। প্রথম ওয়ানডে ৬ উইকেটে জিতেছিলো সফরকারী আফগানিস্তান।

হাম্বানটোটায় টস জিতে প্রথমে ব্যাটিং করতে নামে শ্রীলংকা। দলকে ৯৫ বলে ৮২ রানের সূচনা এনে দেন লংকান দুই ওপেনার পাথুম নিশাঙ্কা ও দিমুথ করুনারত্নে। নিশাঙ্কাকে ৪৩ রানে থামিয়ে জুটি ভাঙ্গেন আফগানিস্তানের স্পিনার মোহাম্মদ নবি।

Advertisement

হাফ-সেঞ্চুরি তুলে ৫২ রানে আফগানিস্তানের আরেক স্পিনার নূর আহমেদের বলে ফেরেন করুনারত্নে। ১১০ রানের মধ্যে দুই ওপেনারের বিদায়ের পর ৮৬ বলে ৮৮ রান যোগ করেন কুশল মেন্ডিস ও সাদিরা সামাবিক্রমা।

৪৪ রান করে আফগান স্পিনার মুজিব উর রহমানের শিকার হন সামারাবিক্রমা। হাফ-সেঞ্চুরির পর নিজের ইনিংস বড় করার চেষ্টা করেন কুশল। শেষ পর্যন্ত  ৭৫ বল খেলে ৭টি চার ও ১টি ছক্কায় ৭৮ রান করে আউট হন তিনি।

শেষদিকে ধনাঞ্জয় ডি সিলভা অপরাজিত ২৯, অধিনায়ক দাসুন শানাকা ২৩ ও হাসারাঙ্গা অপরাজিত ২৮ রান করলে বড় সংগ্রহ পায় শ্রীলংকা। ৫০ ওভারে ৬ উইকেটে ৩২৩ রান করে দলটি।

আফগানিস্তানের বিপক্ষে এটাই লংকানদের সর্বোচ্চ দলীয় রান। বল হাতে আফগানিস্তানের নবি ও ফরিদ আহমেদ ২টি করে উইকেট নেন।

জবাবে টপ অর্ডারে ইব্রাহিম জাদরান-রহমত শাহ ও অধিনায়ক হাশমতউল্লাহ শাহিদীর ব্যাটিং নৈপুণ্যে ৩০ ওভার পর্যন্ত ভালোভাবেই লড়াইয়ে ছিলো আফগানিস্তান। ৩০ ওভার শেষে আফগানদের সংগ্রহ ছিল ২ উইকেটে ১৪৪ রান ।

শ্রীলংকার স্পিনারদের ঘুর্ণির সঙ্গে দলের পেসারদের তোপে ৩১তম ওভার থেকে আফগানিস্তানের ব্যাটিং লাইন-আপে ধস নামে। ৪৫ রানে শেষ ৮ উইকেট হারায় আফগানরা। শেষ পর্যন্ত ৪২ দশমিক ১ ওভারে ১৯১ রানে অলআউট হয় তারা।

দলের পক্ষে ইব্রাহিম ৫৪, শাহিদী ৫৭ ও রহমত ৩৬ রান করেন। বল হাতে শ্রীলংকার তিন স্পিনার হাসারাঙ্গা-ধনাঞ্জয় ৩টি করে এবং মহেশ থিকশানা ১টি উইকেট নেন। পেসার দুশমন্থ চামিরা ২টি ও শানাকা ১টি উইকেট শিকার করেন। ম্যাচ সেরা হন শ্রীলংকার ধনাঞ্জয়।

একই ভেন্যুতে আগামী ৭ জুন সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!