ভয়াবহ এ দুর্ঘটনায় সামাজিক মাধ্যমে শোক প্রকাশ করে স্ট্যাটাস দিচ্ছেন অনেকেই। এবার সে তালিকায় যুক্ত হলেন ভারতীয় ক্রিকেট দলের তারকা ক্রিকেটাররা।
বুধবার নিজের টুইটার অ্যাকাউন্টে কোহলি লিখেছেন, ‘ওড়িশায় মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় ভীষণ দুঃখিত। যেসব পরিবার তাদের প্রিয়জনকে হারিয়েছে, তাদের প্রতি আমার প্রার্থনা রয়েছে সব সময়। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।’
.png)
ট্রেন দুর্ঘটনায় শোক জানিয়েছেন ভারতের অন্যান্য তারকা ক্রিকেটারও। বীরেন্দ্র শেবাগ টুইটারে লিখেছেন, ‘ওড়িশায় করমণ্ডল এক্সপ্রেসের মর্মান্তিক ট্রেন দুর্ঘটনার খবর শুনে ভীষণ খারাপ লাগছে। প্রিয়জন হারানো পরিবারের প্রতি সমবেদনা। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।’
শুক্রবার রাতে হরভজন সিং টুইট করেন, ‘ওড়িশায় করমণ্ডল এক্সপ্রেস এবং অন্য একটি যাত্রীবাহী ট্রেনের রেল দুর্ঘটনা খুবই বেদনাদায়ক। প্রিয়জন হারানো পরিবারের প্রতি প্রার্থনা থাকবে সব সময়। দুর্ঘটনাকবলিত যাত্রীদের দ্রুত উদ্ধারে ভারতের রেল মন্ত্রণালয় ও ওড়িশা সরকারের কাছে আর্জি জানাচ্ছি।’
গতকাল সন্ধ্যা ৭টায় ওড়িশার বালাসোর জেলার বাহাঙ্গাবাজার এলাকায় ২৩ কামরার করমণ্ডল এক্সপ্রেস ট্রেনটি দাঁড়িয়ে থাকা একটি মালগাড়িতে ধাক্কা দেয়। ট্রেনটির ইঞ্জিন উঠে যায় মালগাড়ির ওপর। শালিমার থেকে চেন্নাই যাচ্ছিল করমণ্ডল। মালগাড়িতে ধাক্কার পর প্রথম তিনটি বাদে করমণ্ডল এক্সপ্রেসের বাকি সব কামরাই ছিটকে পাশের রেললাইনে গিয়ে পড়ে।
এ সময় একই রুটে যশোবন্তপুর থেকে হাওড়া যাচ্ছিল হাওড়া সুপার ফাস্ট এক্সপ্রেস ট্রেন। এই ট্রেন ছিটকে যাওয়া করমণ্ডল এক্সপ্রেসের বগিগুলোর সঙ্গে ধাক্কা খায়। দুর্ঘটনায় ভারতের ওড়িশা রাজ্যে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮৮তে। ৯০০ জনেরও বেশি হয়েছে আহত।