আইপিএল জেতার পরই দেরি না করে আহমেদাবাদ থেকে মুম্বাইয়ে আসেন ধোনি। বাকি দল চেন্নাইয়ে ফিরলেও ধোনি যাননি। কোকিলাবেন হাসপাতালে গিয়ে তিনি চিকিৎসক দীনেশ পারদিওয়ালাকে দিয়ে চোট পরীক্ষা করান।
তার আগে চেন্নাইয়ের দল পরিচালনা কমিটির সঙ্গে কথা বলেছিলেন ধোনি। চেন্নাই দলের চিকিৎসক মধু থোট্টাপিল ধোনির সঙ্গে মুম্বাইয়ে রয়েছেন।
.png)
চিকিৎসক পারদিওয়ালাই রিশাভ পান্টের অপারেশন করছেন। ভারতীয় দলের ক্রিকেটাররা তার উপরে আস্থা রাখেন। তাই ধোনিও একই চিকিৎসকের কাছে ছুটে গেছেন। অর্থাৎ ভারতের সাবেক এবং বর্তমান, দুই উইকেটকিপারের ভাগ্যই এখন পারদিওয়ালার হাতে।
বুধবার এক ওয়েবসাইটে চেন্নাইয়ের সিইও কাশী বিশ্বনাথন বলেন, “ধোনি বাঁ হাঁটুর জন্য চিকিৎসকদের পরামর্শ নেবেন। সেই অনুযায়ী সিদ্ধান্ত নেবেন তিনি। অপারেশন করার পরামর্শ দেবেন কি না সেটা বোঝা যাবে রিপোর্ট আসার পর। ধোনি সিদ্ধান্ত নেবেন যে তিনি অপারেশন করাবেন কি না।”
আইপিএলের সময়ই চেন্নাইয়ের কোচ স্টিফেন ফ্লেমিং বলেছিলেন, “ধোনির হাঁটুতে চোট রয়েছে। সেটা ওর নড়াচড়া দেখলেই আপনারা বুঝতে পারবেন। সে কারণেই ও কিছু কাজ সহজে করতে পারছে না। কিন্তু সবাই জানে ও দারুণ ক্রিকেটার। ফিটনেসকে বরাবর ও পেশাদারিত্বের সঙ্গেই দেখে এসেছে।”