ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে বৃষ্টি হলে কী হবে?

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯:০৭, ৩০ মে ২০২৩
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে বৃষ্টি হলে কী হবে?
ফাইল ছবি

বৃষ্টির কারণে সম্প্রতি একদিন পিছিয়ে রিজার্ভ ডে-তে অনুষ্ঠিত হয়েছে আইপিএলের ফাইনাল। সামনে আরেকটি মেগা প্রতিযোগিতা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। ক্রিকেটপ্রেমীদের অনেকের মনেই এখন প্রশ্ন, সেখানেও যদি বৃষ্টি আসে তাহলে কি হবে?

আগামী ৭ জুন থেকে ইংল্যান্ডের ওভালে শুরু হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। গতবার বৃষ্টির কারণে ভারত-নিউজিল্যান্ড ফাইনালে একটা পুরো দিনের খেলা ভেস্তে গিয়েছিল।

তবে এবার বৃষ্টির সম্ভাবনা খুব বেশি নেই বলে জানিয়েছেন আইসিসির ম্যানেজিং ডিরেক্টর অফ ক্রিকেট ওয়াসিম খান। তিনি বলেছেন, ‘বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই। যদি কোনো কারণে বৃষ্টি হয় তার জন্য রিজার্ভ ডে রয়েছে।’

Advertisement

এবার ফাইনালে খেলবে ভারত ও অস্ট্রেলিয়া। ইংল্যান্ড না থাকলেও তাতে মাঠ ভরাতে সমস্যা হবে না বলেই মনে করেন ওয়াসিম। তিনি বলেন, ‘ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের সঙ্গে আমরা যোগাযোগ রেখেছি।’

তিনি আরো বলেন, ‘ওরা জানিয়েছে ফাইনালের উন্মাদনা রয়েছে। টিকিট বিক্রি দেখে বোঝা যাচ্ছে অন্তত প্রথম চার দিন মাঠ ভর্তি থাকবে। কারণ, বিশ্বের সেরা দুই দল ফাইনালে নামছে।’

গত বছরও ইংল্যান্ডে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হয়েছিল। সেবার সাউদাম্পটনে ভারত ও নিউজিল্যান্ড মুখোমুখি হয়েছিল। কেন পর পর দু’বছর ইংল্যান্ডে খেলা হচ্ছে, তার কারণও জানিয়েছেন ওয়াসিম।

তিনি বলেন, ‘আসলে যে সময়ে ফাইনাল হয় সেই সময়ে উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল। ফলে খেলার পরিবেশ খুব ভাল থাকে। সেই কারণে ইংল্যান্ডে ফাইনাল হয়। এবারও ইংল্যান্ডে পরিবেশ ভাল।’

গত বার ফাইনালে নিউজিল্যান্ডের কাছে হারতে হয়েছিল ভারতকে। তাই এবার বিরাট কোহলি, রোহিত শর্মাদের সামনে সুযোগ রয়েছে অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথম বারের জন্য চ্যাম্পিয়ন হওয়ার।

এরই মধ্যে কোহলি-সহ বেশ কয়েক জন ক্রিকেটার ইংল্যান্ডে পৌঁছে গেছেন। আইপিএল হয়ে গেলে বাকিরাও দলের সঙ্গে যোগ দেবেন।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!