ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

বিকালে বসছে বাফুফের জরুরি সভা

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৪:৪৬, ২৯ মে ২০২৩
বিকালে বসছে বাফুফের জরুরি সভা
ছবি: সংগৃহীত

গত তিন মাস থেকে নানা কারণে আলোচনায় রয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এর মধ্যে গত শুক্রবার বাংলাদেশ নারী দলের কোচ গোলাম রাব্বানী ছোটন পদত্যাগ করায় ফুটবল ফেডারেশন এখন আলোচনায় তুঙ্গে। সোমবার (২৯ মে) বিকালে জরুরি মিটিং ডেকেছে বাফুফে।  

সাবিনারা অনেক দিন খেলার বাইরে থাকায় তারাও নানাভাবে হতাশ। হতাশা সাবিনাদের এতটাই গ্রাস করেছে যে, অনেকে ফুটবল ছাড়ার ঘোষণাও দিচ্ছেন। ফ্রাঞ্চাইজি লিগ মাঠে গড়ালে এই পরিস্থিতির উন্নতি ঘটতে পারে। সেই লক্ষ্যেই ফ্রাঞ্চাইজি লিগ নিয়েই মূলত আজকের জরুরি সভা। 

বাংলাদেশে প্রথমবারের মতো নারী ফ্রাঞ্চাইজি লিগ আয়োজনের উদ্যোগ নিয়েছিল বাফুফে। টুর্নামেন্টে লোগো, বল উন্মোচন করেও মাঠে খেলা গড়ায়নি। কিছু জটিলতায় আটকে আছে এই লিগ।  

Advertisement

স্পোর্টস ইভেন্ট ম্যানেজম্যান্ট কোম্পানি কে স্পোর্টস বাফুফের অনেক টুর্নামেন্ট করেছে। বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগ নিয়ে তিন বছরের চুক্তি ছিল এই কোম্পানির সঙ্গে। চলতি লিগ শুরুর সপ্তাহ খানেক আগে সেই চুক্তি বাতিল করে কে স্পোর্টস। 

বাফুফে কর্মকর্তাদের একাংশ কে স্পোর্টসের এই চুক্তি বাতিল মানতে নারাজ। তাই কে স্পোর্টসকে আগে লিগের দেনা-পাওনা নিষ্পত্তি করে পরে ফ্রাঞ্চাইজি লিগ আয়োজনের কথা বলা হয়েছে। এ জটিলতা নিরসনে কে স্পোর্টস ও বাফুফের শীর্ষ পক্ষ কয়েকবার বৈঠক করেছিল। 

বিভিন্ন সূত্রের খবর, ফেডারেশন এখনো কে স্পোর্টসের কাছ থেকে লিগের জন্য অর্থ পায়নি। বিদ্যমান পরিস্থিতিতে আবার নারীদের লিগের আয়োজনও জরুরি। তাই আজকের সভার মাধ্যমে দু’টি বিষয় সমন্বয় করে ফেডারেশন একটি সিদ্ধান্তে আসতে চায় বলে জানা গেছে। 

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!