ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

আগামী মৌসুমে দল পুনর্গঠনের দিকে এগোবে পিএসজি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০:৫১, ২৯ মে ২০২৩
আগামী মৌসুমে দল পুনর্গঠনের দিকে এগোবে পিএসজি
ছবি: সংগৃহীত

লিগে সবশেষ ম্যাচ জয়ের মাধ্যমে লিগ ওয়ানের শিরোপা ধরে রেখেছে প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি)। এখন আগামী মৌসুমের জন্য ফরাসি জায়ান্টদের দল পুনর্গঠনের দিকে মনোযোগ দিতে হবে। বর্তমান পরিস্থিতিতে দলটিতে এখন বড় ধরনের রদবদলের প্রয়োজন। 

এ নিয়ে ঘরোয়া লিগের ১১তম শিরোপা ঘরে তুলেছে পিএসজি। বিগত ১১ বছরের মধ্যে এটি ছিল তাদের নবম লিগ শিরোপা। শ্রেষ্ঠত্ব নিশ্চিত করলেও ক্রিস্তোফ গালতিয়েরের দলটি ২০২৩ সালে ছয়টি ম্যাচে পরাজিত হয়েছে। সে হিসেবে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বি লেন্স।

অধিনায়ক মারকুইনোস সম্প্রতি বলেছেন, ‘এটি আমাদের সেরা মৌসুম নয়। তবে অবশ্যই ভালো একটি মৌসুম ছিল।’

Advertisement

দুর্দান্তভাবে মৌসুম শুরু করলেও বায়ার্ন মিউনিখের কাছে হেরে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোল থেকে পিএসজির বিদায়ের ঘটনাটি হয়তো ফিকে হয়ে গেছে। কাতার বিশ্বকাপকে সামনে রেখেও শুরুতে দুর্দান্ত খেলেছেন মেসি, নেইমার ও কিলিয়ান এমবাপ্পেরা। অপরাজিত ছিল বিশ্বকাপের আগে।  

পরে বেশ কিছু নাটকীয়তা দেখা যায় পিএসজি শিবিরে। ইনজুরিতে পড়ে ফের মাঠের বাইরে চলে যান নেইমার। আর বিনা অনুমতিতে সৌদি আরব সফরের কারণে অনুশীলনে হাজির না হওয়ায় নিষিদ্ধ হন বিশ্বকাপ বিজয়ী লিওনেল মেসি। এতে ভারি হয়ে উঠে ক্লাবের পরিবেশ। অসন্তুষ্ট হয় ভক্তরা।

গত শুক্রবার কোচ গালতিয়ের বলেন, ‘কোন সিদ্ধান্ত গ্রহণের আগে আমাদের আমলে নিতে হবে বিশ্বকাপের আগের অবস্থা এবং বিশ্বকাপের পর খেলোয়াড়দের অবস্থা। তারপরও হতাশার বিষয়টি আমি অনুধাবন করতে পেরেছি। এটি ছিল অদ্ভুত একটি মৌসুম।’

রিয়াল মাদ্রিদে যোগ না দিয়ে আরো তিন বছরের জন্য পিএসজিতে থেকে যাওয়া এমবাপ্পে এই মৌসুমে ক্লাবের হয়ে ৪০ গোল করেছেন। এতে ক্লাবে থেকে যাওয়াটা তার সঠিক সিদ্ধান্ত বলে মনে করা হলেও ২৪ বছর বয়সি ফরাসি তারকার ভবিষ্যৎ নিয়ে পুনরায় শুরু হয়েছে জল্পনা কল্পনা।

গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী ২০২৫ সাল পর্যন্ত থেকে যাওয়ার একটি শর্তে যদি তিনি সম্মত না হন তাহলে ২০২৪ সালেই শেষ হয়ে যাবে নতুন চুক্তির মেয়াদ। যাই হোক, এমবাপ্পেকে কেন্দ্র করে আরো ভালোভাবে দল পুনর্গঠন করতে হবে পিএসজিকে।

এদিকে বিভিন্ন ঘটনার প্রেক্ষাপটে গালতিয়েরের ভবিষ্যৎও অনিশ্চয়তায় পড়েছে। শেষ পর্যন্ত তাকেও হয়তো পিএসজি ছাড়তে হবে। আর কোচ হিসেবে যোগ দেয়ার আলোচনায় এগিয়ে আছেন হোসে মরিনহো এবং লুইস এনরিকে।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!