ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

আইপিএল ফাইনালে বৃষ্টির শঙ্কা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩:২৪, ২৮ মে ২০২৩
আইপিএল ফাইনালে বৃষ্টির শঙ্কা
ফাইল ছবি

আইপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে উদ্বেগ বাড়িয়েছিল আহমেদাবাদের বৃষ্টি। গুজরাট টাইটান্স এবং মুম্বাই ইন্ডিয়ান্স ম্যাচ সঠিক সময়ে শুরু হওয়া নিয়ে তৈরি হয়েছিল সংশয়। শেষমেশ নির্ধারিত সময় থেকে ৩০ মিনিট পর মাঠে গড়ায় ম্যাচটি।

রোববার আইপিএলের ফাইনাল। গুজরাটের মুখোমুখি চেন্নাই সুপার কিংস। মহেন্দ্র সিং ধোনির দলের সঙ্গে হার্দিক পান্ডিয়ার দলের খেতাবি লড়াই নিয়ে তুঙ্গে আগ্রহ। এখানেও বৃষ্টি বাধা হবে না তো? প্রশ্ন ক্রিকেটপ্রেমীদের।

গুজরাট পর পর দু’বার আইপিএল চ্যাম্পিয়ন হতে পারবে কি না, তা নিয়ে আগ্রহ রয়েছে ক্রিকেট জনতার। একই রকম আগ্রহ রয়েছে অবসর নেয়ার আগে ধোনি কি পারবেন চেন্নাইকে পঞ্চম আইপিএল ট্রফি দিতে?

Advertisement

ক্রিকেটপ্রেমীদের এই আগ্রহে জল ঢালতে পারে বৃষ্টি। এমনই আশঙ্কার কথা শুনিয়েছে আবহাওয়া দফতর। এদিন বিকাল বা সন্ধ্যায় আহমেদাবাদের বৃষ্টির সম্ভাবনা ৪০ শতাংশ। হতে পারে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি। বিঘ্নিত হতে পারে আইপিএলের ফাইনাল।

গত শুক্রবার বৃষ্টির জন্য নির্ধারিত সময়ের ৪৫ মিনিট পর হয়েছিল টস। খেলা শুরু হয়েছিল ৩০ মিনিট পর। পূর্বাভাস অনুযায়ী রোববার ফাইনালের দিনও আহমেদাবাদে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এ অবস্থায় ম্যাচ আয়োজন করা কি সম্ভব হবে? ম্যাচ হওয়ার সম্ভাবনা খারিজ করে দেননি আবহাওয়াবিদরা। তারা জানিয়েছেন, রোববার সারাদিনই আহমেদাবাদের আকাশ থাকবে আংশিক মেঘাচ্ছন্ন। বৃষ্টি হতে পারে ঘণ্টা দুয়েক।

কোন সময় এবং কতক্ষণ বৃষ্টি হবে, তার উপর নির্ভর করবে আইপিএল ফাইনালের ভাগ্য। প্রয়োজনে পিছোতে হতে পারে খেলা শুরুর সময়। খেলার মাঝেও নামতে পারে বৃষ্টি।

যা হওয়ার তা হবে সূর্যাস্তের পর। সঙ্গে বইতে পারে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ঝড়ো হাওয়া। এর মধ্যেই আশার কথা, ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছেন আবহবিদরা। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!