নতুন চুক্তি অনুযায়ী ২০২৭ সাল পর্যন্ত আর্সেনালেই থাকছেন সাকা। ইংল্যান্ডের এই ফরোয়ার্ড এবারের মৌসুমে আর্সেনালের জার্সিতে অসাধারণ খেলেছেন। সব মিলিয়ে সাকা ১৪ গোল করা ছাড়াও ১১টি অ্যাসিস্ট করেছেন।
মাত্র আট বছর বয়সে আর্সেনালে যোগ দিয়েছিলেন সাকা। গত দুই মৌসুমে প্রিমিয়ার লিগে প্রতিটি ম্যাচেই তিনি আর্সেনালকে প্রতিনিধিত্ব করেছেন। ২১ বছর বয়সী সাকা ধীরে ধীরে নিজেকে আর্সেনালের অপরিহার্য একজন খেলোয়াড়ে পরিণত করেছেন।
.png)
নিজেকে আরো পরিণত করার জন্য আর্সেনালকে আদর্শ ক্লাব হিসেবে অভিহিত করে সাকা বলেন, ‘আমি মনে করি একজন সেরা খেলোয়াড় হিসেবে গড়ে উঠতে হলে যা কিছু প্রয়োজন তার সবই আমি এখানে পেয়েছি।’
এরপর তিনি বলেন, ‘এ কারণেই আমি এখানে থাকতে পেরে দারুণ খুশি। ভবিষ্যতেও এখানে থাকতে চাই। কারণ সত্যিকার অর্থেই আমি বিশ্বাস করি আমরা সবাই মিলে অনেক বড় কিছু অর্জন করতে পারবো।’
সাকা আরো বলেন, ‘আমার কাছে এটা আমার ব্যক্তিগত লক্ষ্য, আমি কিভাবে নিজেকে সামনে এগিয়ে নিয়ে যাব। প্রতি ম্যাচে দল আমার কাছ থেকে কি আশা করে, এসব নিয়েই সবসময় চিন্তা করি।’
তিনি যোগ করেন, ‘এসব পূরণে আমার পরিবার আমাকে সবসময় সহযোগিতা করে। যখন অনুশীলনে আসি তখন সতীর্থ, কোচিং স্টাফরা সহায়তা করে।’
২০১৮ সালে আর্সেনালের জার্সি গায়ে লন্ডনে জন্ম নেয়া সাকার অভিষেক হয়েছিল। এবারের মৌসুমে কাছাকাছি গিয়ে শিরোপা পাওয়া না হলেও ক্লাব সঠিক পথেই আছে বলে বিশ্বাস করেন তিনি।
মৌসুমের প্রায় বেশিরভাগ সময়ই টেবিলের শীর্ষে ছিল গানাররা। কিন্তু শেষ মুহূর্তে তাদের টপকে ম্যানচেস্টার সিটি হ্যাটট্রিক শিরোপা জয় করে। তবে দ্বিতীয় স্থান নিশ্চিত হওয়ায় ২০১৬/১৭ সালের পর প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ পাচ্ছে আর্সেনাল।
সাকা বলেন, ‘আমাদের দলের দিকে তাকালে দেখা যাবে অধিকাংশ খেলোয়াড়ই বয়সে তরুণ। আমরা সবাই ক্ষুধার্ত। আর্সেনালের জার্সি গায়ে বেশীরভাগ খেলোয়াড়েরই কোন শিরোপা পাওয়া হয়নি। সে কারনে শিরোপার জন্য আমরা সবাই মুখিয়ে আছি।’