গতকাল সৌদি প্রো লিগের ম্যাচে আল শাবাবের বিপক্ষে এক পর্যায়ে ২-০ গোলে পিছিয়ে ছিল আল নাসর। সমতায় ফেরার পর দলের হয়ে জয়সূচক তৃতীয় গোলটি করেন রোনালদো। এরপর তার একটি দৃশ্য সবার নজর কেড়েছে। গোল উদযাপনের সময় সতীর্থদের মাঝখানের ফাঁকা জায়গায় সেজদাহ দেন তিনি।
ম্যাচের প্রথমার্ধ যখন শেষ হচ্ছে, তখনও দুই গোলে পিছিয়ে আল নাসর। শুরুতে লুইজ গুস্তাভোর বক্সের মধ্যে হ্যান্ডবলের কারণে পেনাল্টি পায় আল শাবাব। গনজালো গুয়াঙ্কো স্পট থেকে অগাস্টিন রোসিকে পরাস্ত করেন।
.png)
৪০তম মিনিটে বক্সের প্রান্ত থেকে নিচু কোনাকুনি শটে বাঁ দিক দিয়ে জোড়া গোল পূর্ণ করেন এই আর্জেন্টাইন। তবে বিরতিতে যাওয়ার আগমুহূর্তে গোল করে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দেন রোনালদোরা। ৪৪তম মিনিটে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড অ্যান্ডারসন তালিস্কা প্রথম গোল শোধ করেন। এটি মৌসুমে তার ষষ্ঠ গোল।
Cristiano Ronaldo did the sajdah after scoring his goal 🤲 pic.twitter.com/j3Vx4JaKA5
— Lakitanzania (@Lakitanzania) May 23, 2023
বিরতি থেকে ফেরার ষষ্ঠ মিনিটের মাথায় ছয় গজ দূর থেকে দারুণ ফিনিশিংয়ে নাসরকে সমতায় ফেরান আব্দুল রহমান ঘারিব। এরপরই রোনালদোর অসাধারণ নৈপুণ্য। গুস্তাভোর পাস থেকে বল নিয়ে দুই ডিফেন্ডারকে কাটিয়ে বাঁ-দিক থেকে বাঁক নিয়ে যান ডানে।
৫৯তম মিনিটে ছোট ডি-বক্সের পাশ থেকে ড্রাইভ করে ৩৮ বছর বয়সী ফরোয়ার্ড বলে জাল কাঁপান। এ নিয়ে মৌসুমের ১৪তম লিগ গোল করলেন এই পর্তুগিজ তারকা। গোলের পর চিরচেনা ‘সিউউউউ’ উদযাপন করেন রোনালদো। এরপরই অবাক করা দৃশ্য।
সতীর্থরা যখন তাকে ঘিরে ধরে উল্লাস করছিলেন, তখন হঠাৎ সিজদা করে ক্লাবের মুসলমান সতীর্থদের চমকে দেন রোনালদো। অথচ মাসখানেক আগেও ম্যাচ শেষে ড্রেসিংরুমে ফেরার সময় ঊরুসন্ধিতে হাত দিয়ে অশালীন অঙ্গভঙ্গি করেছিলেন তিনি।
সে সময় রনকে সৌদি আরব থেকে তাড়িয়ে দেওয়ারও দাবি উঠেছিল। তবে দর্শকদের মন জয় করতে শুরু করেছেন তারকা ফরোয়ার্ড। এই জয়ে ২৮ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে টেবিলের দুই নম্বরে আল নাসর। সমান ম্যাচে ৬৬ পয়েন্টে নিয়ে এখনও শীর্ষস্থান ধরে রেখেছে আল-ইত্তিহাদ।
শিরোপা জিততে হলে ম্যাচ জয়ের পাশাপাশি ভাগ্যের আশায় থাকতে হবে রোনালদোদের। কারণ মৌসুমের আর মাত্র ২ ম্যাচ বাকি। আল-ইত্তিহাদের পরাজয় এখন নাসরকে সমান পাল্লায় কিংবা শিরোপাধারীর আসনে তুলে আনতে পারে!