ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

মোখায় ক্ষতিগ্রস্তদের জন্য এসেক্স ও আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ডের মহানুভবতা

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৫:১৭, ১৫ মে ২০২৩
মোখায় ক্ষতিগ্রস্তদের জন্য এসেক্স ও আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ডের মহানুভবতা
ছবি: সংগৃহীত

বাংলাদেশের উপকূলীয় জেলা কক্সবাজারে ভালোই তাণ্ডব চালিয়েছে বঙ্গোপসাগরে সৃষ্ট অতি প্রবল ঘূর্ণিঝড় মোখা। কক্সবাজারের সেন্টমার্টিন, শাহপরীর দ্বীপ ও টেকনাফে ঘরবাড়ি-গাছপালার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মোখার তাণ্ডবে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে এসেক্স কাউন্টি ক্রিকেট ক্লাব ও ক্রিকেট আয়ারল্যান্ড।

সদ্য সমাপ্ত বাংলাদেশ-আয়ারল্যান্ড ওয়ানডে সিরিজ শেষে বাংলাদেশে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের পাশে থাকতে নিলামের মাধ্যমে অর্থ সংগ্রহের জন্য টাইগার অধিনায়ক তামিম ইকবালকে দুটি ব্যাট উপহার দেয় সংস্থা দুইটি।

এদিন এসেক্স কাউন্টি ক্রিকেট ক্লাব ও ক্রিকেট আয়ারল্যান্ডের খেলোয়াড়দের অটোগ্রাফসহ ব্যাট দুইটি নিলামে তুলে অর্থ সংগ্রহের জন্য তামিমের হাতে তুলে দেয়া হয়। 

Advertisement

বিশ্বকাপ সুপাল লিগে বাংলাদেশ-আয়ারল্যান্ডের শেষ সিরিজটি অনুষ্ঠিত হয় ইংল্যান্ডের এসেক্স কাউন্টি ক্লাবের মাঠ চেমসফোর্ডে। রোববার সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচের পর তামিম ইকবালের হাতে ক্রিকেটারদের অটোগ্রাফসহ ব্যাট দুটি তুলে দেন এসেক্স ক্লাবের প্রধান নির্বাহী জন স্টেফেনসন ও ক্রিকেট আয়ারল্যান্ডের প্রধান ব্রায়ান ম্যাকনিস।

এ সময় সংস্থা দুইটি বাংলাদেশে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের জন্য সহমর্মিতা জানিয়েছে। এসেক্স ক্রিকেট ক্লাব তাদের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টে বলেছে, ‘দক্ষিণ এশিয়ায় প্রবল ঘূর্ণিঝড়ের খবর শুনে আমরা বিধ্বস্ত। বাংলাদেশের মানুষের জন্য আমাদের তরফ থেকে রইলো আন্তরিক শুভকামনা।’

ক্রিকেট আয়ারল্যান্ডও একইভাবে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে। সবাই নিরাপদ ও অক্ষত থাকুক এই কামনা জানিয়েছে তারা।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!