মঙ্গলবার হঠাৎই আলোড়ন তৈরি করা একটি খবর প্রকাশ করে বার্তা সংস্থা এএফপি। তাদের দাবি, আগামী মৌসুমে বিশাল অঙ্কের চুক্তিতে সৌদি আরবের ক্লাব ফুটবলে খেলবেন আর্জেন্টাইন মহাতারকা। এমনকি এরই মধ্যে তাদের সঙ্গে চুক্তিও সেরে ফেলেছেন বলে জানানো হয়েছে। তবে এরপরই সেই তথ্যকে ভুয়া বলে উড়িয়ে দেন মেসির বাবা জর্জ মেসি। মেসির দলবদল নিয়ে সরগরম পরিস্থিতিতে নিজের মতামত জানিয়েছেন আর্জেন্টিনার বিশ্বজয়ী কোচ লিওনেল স্কালোনি।
আর্জেন্টাইন অধিনায়কের দলবদলের ব্যাপারে মতামত জানতে স্কালোনির মুখোমুখি হয় কাতারের সংবাদমাধ্যম আল-কাস। সেখানে জাতীয় দলের এই কোচ মেসির সন্তুষ্টিকেই সবার ওপরে রাখতে চান, ‘তাকে যেখানে ইচ্ছা যেতে দিন, যে ক্লাবে সে সতীর্থ ও সমর্থকদের নিয়ে স্বস্তিবোধ করবে। জাতীয় দলের কোচ হিসেবে এটা আমাকে একটুও প্রভাবিত করছে না। আমাদের সঙ্গে যোগ দেওয়ার সময় সে খুশি থাকলেই হলো, তাকে আমরা হাসিখুশি দেখতে চাই।’
.png)
এর আগে একটি সূত্রের বরাতে এএফপি জানিয়েছিল, ‘এটা একটা বিশেষ চুক্তি। যা অবশ্যই বিশাল অঙ্কের। আমরা এই চুক্তির কাজ এখন গুছিয়ে আনার পথে আছি।’
তবে এরপর সম্পূর্ণ ভিন্ন খবর দেন দলবদলের নির্ভরযোগ্য সূত্র খ্যাত ইতালিয়ান প্রখ্যাত সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো। তিনি সাফ জানিয়ে দেন যে, আর্জেন্টাইন অধিনায়কের সঙ্গে নতুন করে কোনো চুক্তিই হয়নি। এমনকি মহাতারকার দলবদলের ব্যাপারে পরিস্থিতির এখনও কোনো পরিবর্তন হয়নি বলেও জানান তিনি।