ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

এমবাপ্পে জাদুতে জয় পেলো পিএসজি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০:২০, ৮ মে ২০২৩
এমবাপ্পে জাদুতে জয় পেলো পিএসজি
কিলিয়ান এমবাপ্পে

ইনজুরির কারণে দীর্ঘদিন ধরেই মাঠের বাইরে আছেন নেইমার। সম্প্রতি নিষেধাজ্ঞা পেয়ে একাদশে জায়গা হারিয়েছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। এতে খানিকটা চাপ অনুভব করার কথা ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইনকে (পিএসজি)। তবে একাই কাণ্ডারি হয়ে দলকে জয়ে ফিরিয়েছেন ফ্রান্সের ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে।

রোববার রাতে ট্রয়েসের বিপক্ষে মাঠে নামে পিএসজি। এ ম্যাচে প্রতিপক্ষের জালে তিনবার বল পাঠিয়েছে ফরাসি ক্লাবটি। জবাবে মাত্র একটি গোল হজম করতে হয়েছে এমবাপ্পে-ভিতিনিয়াদের। 

এতে লরিয়েঁর বিপক্ষে হারের ধাক্কা সামাল দেওয়ার পাশাপাশি নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৬ পয়েন্ট এগিয়ে গেল পিএসজি। ৩৪ ম‍্যাচে ২৫ জয় ও তিন ড্রয়ে ফরাসি চ‍্যাম্পিয়নদের পয়েন্ট ৭৮। সমান ম‍্যাচে ৭২ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে লঁস।

Advertisement

ট্রয়েসের ঘরের মাঠে শুরু থেকেই দাপটের সঙ্গে খেলেছে পিএসজি। ম্যাচের অষ্টম মিনিটেই দলকে এগিয়ে দেন কিলিয়ান এমবাপ্পে। ভিতিনিয়ার ক্রস ডিফেন্ডার এরিক পামার-ব্রাউনের গা ছুঁয়ে ক্রসবারে লাগে। ট্রয়েসের কেউ বিপদমুক্ত করার আগেই ছুটে গিয়ে হেডে জাল খুঁজে নেন এমবাপ্পে। এবারের লিগে এটি এমবাপ্পের ২৪তম গোল।

১–০ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করা পিএসজি দ্বিতীয় গোল পায় ৫৯ মিনিটে। ভেরাত্তির ক্রসে হেড করেন ভিতিনিয়া। তার প্রথম চেষ্টা ঠেকিয়ে দেন গ‍্যালোঁ, কিন্তু ফিরতি বল অনায়াসে জালে পাঠান ভিতিনিয়া।

ম্যাচের ৮৩ মিনিটে এক গোল শোধ দেন স্বাগতিকদের শাভালেরিন। এর তিন মিনিট বাদেই পিএসজি শিবিরে স্বস্তি ফেরান রুইস। যদিও বলটি এমবাপ্পে হেড নিয়েছিলেন, তনে তা কোনোমতে ফিরিয়ে দেন গোলরক্ষক। কাছে থাকা রুইস ফিরতি শটে বল জড়ান জালে। আর কোনো গোল না হওয়ায় ৩-১ ব্যবধানেই শেষ হয় ম্যাচ।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!