টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আগেই নতুন সুখবর পেয়েছেন রোহিত-কোহলিরা। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের নতুন টেস্ট র্যাংকিংয়ে রাজত্ব ফিরে পেয়েছে ভারত।
এর মধ্য দিয়ে দীর্ঘ ১৫ মাস পর অস্ট্রেলিয়ার রাজত্বে হানা দিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ফিরে পেলো ভারত।
.png)
মঙ্গলবার হালনাগাদকৃত র্যাংকিং প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। ১২১ রেটিং পয়েন্ট নিয়ে তালিকার চূঁড়ায় এখন ভারত। দুইয়ে নেমে যাওয়া অস্ট্রেলিয়ার পয়েন্ট ১১৬।
এদিকে টেস্ট র্যাংকিংয়ে অস্ট্রেলিয়ার ঘাড়ে নিঃশ্বাস ফেলছে ইংল্যান্ড। বেন স্টোকসের নেতৃত্বে সাদা পোশাকে দুর্দান্ত ছন্দে থাকা দলটি ১১৪ রেটিং পয়েন্ট নিয়ে টেবিলের তিনে আছে। পরের স্থানগুলো অপরিবর্তিত রয়েছে। যেখানে যথাক্রমে আছে- দক্ষিণ আফ্রিকা (চার), নিউজিল্যান্ড (পাঁচ), পাকিস্তান (ছয়), শ্রীলংকা (সাত), উইন্ডিজ (আট), বাংলাদেশ (নবম) ও জিম্বাবুয়ে (দশম)।
এতদিন ১২২ পয়েন্ট নিয়ে তালিকায় শীর্ষে ছিল অস্ট্রেলিয়া। ভারত তাদের চেয়ে পিছিয়ে ছিল ৩ পয়েন্ট। হালনাগাদকৃত র্যাংকিংয়ে ২০২২ সালের মে মাসের পর থেকে হওয়া সিরিজের হিসেব করা হয়েছে শতভাগ। এছাড়া আগের দুই বছরের পারফরম্যান্স বিবেচনায় এসেছে শতকরা ৫০ ভাগ করে।