লা লিগার ম্যাচে একের পর এক হোঁচট খাচ্ছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। তবে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ এলেই যেন অন্য চরিত্র ধারণ করে সান্তিয়াগো বার্নাব্যুর ফুটবলাররা। তাদের কাছে যেন ইউরোপসেরা হওয়ার প্রতিযোগিতা স্প্যানিশ লিগের চেয়ে একটু বেশিই প্রাধান্য পাচ্ছে।
সর্বশেষ মঙ্গলবার জিরোনার বিপক্ষে স্প্যানিশ লা লিগার ম্যাচে ৪-২ গোলে হেরে যায় কার্লো আনচেলত্তির শিষ্যরা। যা তাদেরকে কার্যত শিরোপা লড়াই থেকে ছিটকে দিয়েছে। তবে দলটির জন্য আরো বড় দুঃসংবাদ নিয়ে এসেছেন মিডফিল্ডার লুকা মদরিচ।
.png)
জিরোনার বিপক্ষে হারের ম্যাচে বাম ঊরুতে চোট পেয়েছিলেন মদরিচ। যা তাকে দুই সপ্তাহের জন্য মাঠের বাইরে পাঠিয়ে দিয়েছে। তার সেই চোট রিয়ালকে ভাবাচ্ছে আসন্ন কয়েকটি ম্যাচকে ঘিরে। আগামী ১২ দিনের মধ্যে বিভিন্ন প্রতিযোগিতা মিলিয়ে চারটি ম্যাচ খেলতে হবে রিয়ালকে।
আগামীকাল (২৯ এপ্রিল) লা লিগায় ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে আলমেরিয়ার মুখোমুখি হবে তারা। নিশ্চিতভাবেই এই ম্যাচে খেলতে পারছেন না লস ব্লাঙ্কোসদের মাঝমাঠের কাণ্ডারি মদরিচ। এরপর বুধবার রিয়ালের প্রতিপক্ষ রিয়াল সোসিয়েদাদ।
এরপর ৭ মে কোপা দেল রের ফাইনালে রিয়াল মোকাবিলা করবে ওসাসুনাকে। তবে দলটির সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচটি রয়েছে ১০ মে। ওইদিন চ্যাম্পিয়ন্স লিগের সেমির প্রথম লেগে বার্নাব্যুতে তারা আতিথ্য দেবে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপাধারী ম্যানচেস্টার সিটিকে।
সেই ম্যাচে মদরিচকে না পাওয়া নিঃসন্দেহে বড় ধাক্কা হবে ইউরোপের সর্বোচ্চ ক্লাব আসরের বর্তমান চ্যাম্পিয়নদের। শিষ্যের চোট চিন্তিত করে তুলেছে রিয়াল কোচ কার্লো আনচেলত্তিকেও।
তিনি বলছেন, ‘সত্যি কথা বলতে, জিরোনার বিপক্ষে ছোট একটি চোট পেয়েছে মদরিচ। তার কতটা উন্নতি হয়েছে, সেটা সে জানার অপেক্ষায় আছে। সে কোপার ফাইনালে খেলতে পারবে কিনা তা আমি জানি না। অবশ্যই আমরা এই খবরে আঘাত পেয়েছি। তবে ফুটবলে এটা হতেই পারে।’
এরপর রিয়াল কোচ বলেন, ‘একই বৈশিষ্ট্যের খেলোয়াড় বিবেচনায় নিলে মদরিচের বদলি হলো দানি সেবায়োস। তবে আমাদের আরো বিকল্প আছে। আমাদের ভালো কিছু মিডফিল্ডার আছে- এদুয়ার্দো কামাভিঙ্গা, আহেলিয়া চুয়ামেনি ও ফেদেরিকো ভালভার্দে। আর আমার মিডফিল্ডাররা সেরা মানের।’
আনচেলত্তি মদরিচের ছোট চোটের আশায় থাকলেও দুর্দান্ত খেলতে থাক ম্যানসিটির সামনে এই অভিজ্ঞ মিডফিল্ডারের অবশ্যই অভাব দেখা যাওয়ার কথা। শুক্রবার ক্রীড়া বিষয়ক আমেরিকান গণমাধ্যম দ্য অ্যাথলেটিক ৩৭ বছর বয়সী মদ্রিচকে দুই সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকার কথা জানিয়েছে।