পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থান ভালো না হলেও জয়ে ফিরতে মরিয়া ছিল টটেনহ্যাম। অবশ্য জয়ের দেখা না পেলেও ড্র নিয়েই স্বস্তিতে থাকতে হচ্ছে তাদের।
বৃহস্পতিবার (২৭ এপ্রিল) টটেনহ্যাম হটস্পার স্টেডিয়ামে স্বাগতিকদের মুখোমুখি হয় ম্যানচেস্টার ইউনাইটেড। এ ম্যাচটিতে পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছেড়েছে দু’দল।
.png)
এদিন ম্যাচ শেষে টটেনহ্যামের ইংলিশ স্ট্রাইকার কেইনকে ইউনাইটেডে আনার জন্য স্লোগান দিয়েছেন গ্যালারি ভর্তি সমর্থকরা।
হ্যারি কেইনকে দলে নেয়ার ইচ্ছা অনেক আগে থেকেই দেখিয়ে আসছে ম্যানচেস্টার ইউনাইটেড। বারবার প্রস্তাব করেও ব্যর্থ হয়েছে তারা। কখনো ক্লাবের সঙ্গে দর-দাম মেলেনি। আবার কখনো কেইন নিজেই ইউনাইটেডের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। তবে চলতি মৌসুমে বিষয়টা ভিন্ন।
চলতি মৌসুমের মাঝামাঝি সময়ে ক্রিস্টিয়ানো রোনালদো ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে যাওয়ায়, একজন গোলস্কোরারের অভাবে ভুগছে ক্লাবটি। জানুয়ারিতে কেইনকে দলে টানতে বড় প্রস্তাবই দিয়েছিল ইউনাইটেড। তবে সে প্রস্তাবে রাজি হয়নি স্পার্স কর্তৃপক্ষ। যার ফলে ওয়েগহর্সটকে ধারে নেয় তারা।
তবে এবার ধারণা করা হচ্ছে, চলতি মৌসুম শেষেই কেইনের জন্য আরও বড় প্রস্তাব দেবে ইউনাইটেড। আর তাতেই তাকে দলে টানতে পারবে প্রিমিয়ার লিগে সবচেয়ে সফল দলটি।
এমন গুঞ্জন শোনা যাওয়ার পরই সমর্থকরা আশ্বাস পাচ্ছে ক্লাবের উপর। একজন নিয়মিত গোলস্কোরার দলের শিরোপা জয়ে যে বিরাট ভূমিকা রাখতে পারে তা সমর্থকরা জানেন। তাই গতকাল টটেনহ্যামের বিপক্ষে ম্যাচ শেষে ইউনাইটেড সমর্থকরা গেয়ে উঠে, ‘হ্যারি কেইন, জুনে আমরা তোমার অপেক্ষায় থাকব।’