একের পর এক সিরিজে ব্রাত্য হওয়াই কি রিয়াদের ক্যারিয়ারের শেষের ইঙ্গিত দিচ্ছে। এমন প্রশ্নে যখন বাংলাদেশের ক্রিকেটপাড়া সরগরম। ঠিক তখনই ‘সাইলেন্ট কিলার’কে নিয়ে আরেকটি দুঃসংবাদ শোনালে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক খালেদ মাহমুদ সুজন।
চলতি বছরে ভারতের মাটিতে বাংলাদেশের বিশ্বকাপ দলে অভিজ্ঞ রিয়াদকে দেখছেন না সুজন। তার মতে, যদি বিশ্বকাপ দলেই রিয়াদ থাকত তাহলে এই সিরিজগুলোতে তাকে দেখা যেত। যদিও টিম ম্যানেজমেন্ট থেকে বলা হচ্ছে বিশ্রামে রাখা হয়েছে রিয়াদকে।
.png)
বৃহস্পতিবার গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন সুজন। এ সময় রিয়াদকে তিনি বলেন, ‘রিয়াদ আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ ক্রিকেটার অবশ্যই। বাংলাদেশ দলকে সে অনেক ম্যাচ জিতিয়েছে। কিন্তু যদি আমি সত্যি বলি, যেহেতু ও জাতীয় দলে নেই, আমি যেভাবে দেখছি, রিয়াদকে আমি বিশ্বকাপে দেখছি না।’
সুজন আরো বলেন, ‘সে (রিয়াদ) যখনই খেলেছে বাংলাদেশের জন্য, খুব গুরত্বপূর্ণ একটা জায়গায়। যেখানে আপনি হিরোও হতে পারেন, জিরোও হতে পারেন। রিয়াদ হয়তো দুটির স্বাদই পেয়েছে। ওর অনেক ম্যাচ আছে যেগুলো একাই জিতেছে। আসলে মূল কথা হচ্ছে বর্তমান পরিস্থিতিটা আসল। রিয়াদকে দলে কতটুকু দরকার বা ওর বদলে যারা খেলছে পারফর্ম করছে কি না। ’
তার কথায়, ‘যদি পারফর্ম করেন, দল যদি সন্তুষ্ট থাকে; তাহলে রিয়াদের সুযোগ কম থাকবেই। যদি ওরকম না হয়, রিয়াদের অভিজ্ঞতা তো আছেই। যেকোনো সময় ব্যাক করলে পারফর্ম করতে পারবে সেটা আমরা সবাই বিশ্বাস করি। সময় তো আছে, একদমই রিয়াদ যে বাহির হয়ে গেছে তা না। কিন্তু আমার মনে হয় বিশ্বকাপের আগে হঠাৎ আনা ঠিক হবে না। তার আগেই ওকে এনে সিরিজ ও ম্যাচ দিতে হবে।’