রোববার (১৬ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। টুর্নামেন্টে অংশ নিতে আগামী ২৩ এপ্রিল সিঙ্গাপুরের উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ দল।
আজ সংবাদ সম্মেলনে পরের রাউন্ডে খেলার ব্যাপারে আশার কথা জানিয়েছেন নারী দলের কোচ গোলাম রব্বানী ছোটন।
.png)
তিনি বলেন, ‘আমি দুই দলকেই শক্ত প্রতিপক্ষ হিসেবে নিয়েছি। এই মুহূর্তে কাউকেই এগিয়ে বা পিছিয়ে রাখছি না। তবে দুই ম্যাচেই জয় নিয়ে পরের রাউন্ডে যাওয়ার বিষয়ে আশাবাদী।’
অনূর্ধ্ব-১৭ সাফ চ্যাম্পিয়নশিপে নারী দলের গোলস্কোরিং সমস্যা ছিল আলোচনায়। এবারের আসরে ফিনিশিং নিয়ে বেশি কাজ করেছেন বলে জানিয়ছেন কোচ ছোটন।
তিনি বলেন, ‘স্কোরিংয়ের সমস্যা নিয়ে আমরা আলাপ আলোচনা করেছি। এবার ফিনিশিং নিয়ে আমরা প্রতিটি প্র্যাকটিস সেশনেই কাজ করেছি।’
গত মাসে সাফ অ-১৭ টুর্নামেন্টে রানার্সআপ হয়েছে বাংলাদেশ। জয়নব বিবি রিতা ছাড়া এই দলের আর কারোরই বিদেশের মাটিতে খেলার অভিজ্ঞতা নেই।
অধিনায়ক রুমা আক্তার অবশ্য এতে বিচলিত নন। তিনি বলেন ‘আমরা অনুশীলন করেছি, টুর্নামেন্টে নিজেদের সেরাটা দিতে চাই। এজন্য সকলের কাছে দোয়া চাই।’
প্রসঙ্গত, বয়সভিত্তিক এএফসি অনূর্ধ্ব-১৭ নারী দলটি এবারই প্রথম বিদেশ সফর করবে। এবারের দলে নতুন তিনজনকে ভিড়িয়েছেন ছোটন। তারা হলেন- জুই আক্তার, আরিফা আক্তার এবং উমহেলা মারমা।