ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

মেজাজ হারিয়ে তর্কে জড়ালেন রোনালদো

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১:১৭, ১০ এপ্রিল ২০২৩
মেজাজ হারিয়ে তর্কে জড়ালেন রোনালদো
ক্রিস্টিয়ানো রোনালদো

নিজের সবশেষ তিন ম্যাচে ছয় গোল করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। প্রতি ম্যাচেই জোড়া গোলের দেখা পেয়েছেন তিনি। আন্তর্জাতিক ও ক্লাব মিলিয়ে দারুণ ছন্দে ছিলেন এ পর্তুগিজ তারকা।

তবে গত রাতে আল-ফায়হারের কাছে হেরে মেজাজ হারিয়েছেন রোনালদো। আর তাতেই প্রতিপক্ষের খেলোয়াড়ের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন সিআর সেভেন। একই সঙ্গে মাঠ ছেড়ে গেছেন সৌজন্য করমর্দন ছাড়াই।

রোববার সুযোগ মিসের মহড়ায় পয়েন্ট তালিকার নিচু সারির দল আল ফায়হার সঙ্গে গোলশূন্য ড্র করেছে আল নাসর। এতে করে সৌদি প্রো লিগে শীর্ষে থাকা আল ইতিহাদের চেয়ে তিন পয়েন্টে পিছিয়ে পড়েছে রোনালদোর দল। 

Advertisement

আল নাসরের হোঁচট খাওয়ার দায়টা রোনালদোরও। বেশ কয়েকবার গোলের সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি। ম্যাচ শেষে হতাশাও লুকাতে পারেননি ৩৮ বছর বয়সী পর্তুগিজ তারকা। 

অবশ্য ম্যাচের প্রথমার্ধেই রোনালদোর গোলে এগিয়ে যেতে পারতো আল নাসর। ফাঁকা জায়গায় বল পেয়েছিলেন। সামনে ছিলেন কেবল আল ফায়হার গোলরক্ষক। তবে ঠিকমতো শট নিতে ব্যর্থ হন সিআর সেভেন। 

বিরতির পরও বেশ কয়েকটি সুযোগ পেয়েছিলেন। তবে লক্ষ্যভেদ করতে পারেননি একবারো। ম্যাচের ৭১তম মিনিটে বক্সের বেশ বাইরে থেকে রোনালদোর দূরপাল্লার ফ্রি কিক লক্ষ্যভ্রষ্ঠ হয়। এরপর আরো একবার আশা জাগিয়েও হতাশ করেন রোনালদো। 

ম্যাচের পরের একটি ভিডিও ফুটেজে দেখা যায়, শেষ বাঁশি বাজার পর মাঠ ছেড়ে বেরিয়ে যাচ্ছেন রোনালদো। চোখমুখে তার বিরক্তির ছাপ। এ সময় প্রতিপক্ষ দলের এক ফুটবলারকে উদ্দেশ্য করে বলতে থাকেন, ‘তুমি খেলতে চাও না, না?’

মূলত শেষ দিকে আল ফায়হার খেলোয়াড়দের সময় নষ্টকে ইঙ্গিত করছিলেন রোনালদো। আল–জাকানও অবশ্য চুপ থাকেননি। রোনালদোর কথার জবাবে তিনিও কিছু একটা বলেন।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!