এমন আধিপত্য দেখানো পারফরম্যান্সে দিল্লির বিরুদ্ধে ৫৭ রানের বড় জয় পেয়েছে রাজস্থান।
রাজস্থানের দেয়া বড় লক্ষ্য তাড়া করতে নেমে ভালো শুরু পায়নি দিল্লি। দলীয় কোনো রান যোগ করার আগেই উপরের সারির দুই ব্যাটারকে হারায় তারা। নিজের প্রথম ওভারের টানা দুই বলে পৃথ্বী শ ও মনিশ পান্ডেকে ফেরান ট্রেন্ট বোল্ট। এই ধাক্কা আর সামলে উঠতে পারেনি দিল্লি।
.png)
দারুণ খেলতে থাকা ললিত যাদবকেও (৩৮) ফিরিয়েছেন বোল্ট। এরপর ওয়ার্নার একা দিল্লির ইনিংস টানলেও তা জয়ের জন্য যথেষ্ট ছিল না। যুবেন্দ্র চাহালের বলে এলবিডব্লিউ হয়ে এই ওপেনার শেষ পর্যন্ত ৫৫ বলে ৬৫ রান করে আউট হয়েছেন।
একই ওভারে অভিষিক্ত পোরেলকেও (৭) ফিরিয়েছিলেন চাহাল। অবশ্য ধীর ব্যাটিং ও নিয়মিত উইকেট হারানোর ফলে দিল্লির হার আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪২ রান সংগ্রহ করে তারা।
এর আগে ব্যাট করতে নেমে ওপেনিংয়েই বড় জুটি গড়েন দুই ওপেনার বাটলার ও জসওয়াল। তার দুজনে যোগ করেন ৯৮ রান। হাফ সেঞ্চুরি তুলে নিয়ে ৩১ বলে ৬০ রানের ঝড়ো ইনিংস খেলে আউট হন জসওয়াল।
এরপর অধিনায়ক সাঞ্জু স্যামসন ফেরেন শূন্য রানে। রিয়ান পরাগ আউট হয়েছেন ৭ রান করে। যদিও একপ্রান্ত আগলে রেখে রাজস্থানের রান বাড়িয়েছেন বাটলার। তিনি ৫১ বলে খেলেছেন ৭৯ রানের ইনিংস। শেষদিকে শিমরন হেটমায়ারের ২১ বলে ৩৯ রানে ভর বড় সংগ্রহ দাঁড় করায় রাজস্থান।
দিল্লি ক্যাপিটালসের হয়ে ২টি উইকেট নিয়েছেন মুকেশ কুমার। আর একটি করে উইকেট পেয়েছেন কুলদীপ যাদব ও রোভম্যান পাওয়েল। এদিন দিল্লির প্রায় সব বোলারই ছিলেন খরুচে। কেউই পার্থক্য গড়ে দিতে পারেননি।