শুক্রবার লিগের তলানীর দল আজমপুর উত্তরার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে অস্কার ব্রুজনের শিষ্যরা। কিংসের হয়ে একমাত্র গোলটি করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রবসন রবিনহো। আজমপুরের হয়ে গোল করেন সাকিব বেপারি।
প্রথম লেগে কিংস অ্যারেনায় এই আজমপুরকে ৩-০ গোলে হারিয়েছিল বসুন্ধরা কিংস। ১১ ম্যাচে ১০ জয় ও এক ড্র'তে ৩১ পয়েন্ট নিয়ে শীর্ষে কিংস। ১১ ম্যাচে ৮ হার ও তিন ড্র'তে তিন পয়েন্ট আজমপুরের।
.png)
আজ খেলার শুরু থেকেই ময়মনসিংহের রফিক উদ্দিন ভুঁইয়া স্টেডিয়ামে ম্যাচ জুড়েই ছিল কিংসের আধিপত্য। কিন্তু প্রথমার্ধে একাধিক সুযোগ তৈরি করেও কাঙ্ক্ষিত সেই গোলের দেখা পায়নি। আর পুরো ম্যাচে মাত্র একবার সুযোগ পেয়েই তা কাজে লাগিয়েছে আজমপুর।
ম্যাচের নবম মিনিটে প্রথম সুযোগ পায় বসুন্ধরা কিংস কিন্তু সেটা কাজে লাগাতে ব্যর্থ হন ইয়াসিন আরাফাত। মিগেল ফিগেইরার কর্নার উড়ে আসে দূরের পোস্টে, গোল মুখে ফাঁকায় থাকা ইয়াসিন বলে পা ছুঁয়াতে পারেননি। পা লাগাতে পারলেই পেতে পারতেন গোল।
৩৬ মিনিটে রাজিবের দারুণ প্রচেষ্টায় গোল হজম থেকে রক্ষা পায় আজমপুর উত্তরা। রবিনহোর তুলে দেওয়া বলে মিগেলের হেড ঝাঁপিয়ে কর্নারের বিনিময়ে বাইরে ঠেলে দেন রাজিব।
অবশেষে ৫৭ মিনিটে স্পট কিকে কিংসকে এগিয়ে নেন রবসন রবিনহো। ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডের লিগে এটি পঞ্চম গোল। কিন্তু দ্বিতীয়ার্ধের যোগ করা চতুর্থ মিনিটে আজমপুরকে ম্যাচে ফেরান সাকিব। তপু বর্মণের ভুল পাস পেয়ে বক্সে ঢুকে আগুয়ান গোলরক্ষককে কাটিয়ে বল জালে পাঠান তিনি। কিংসের সঙ্গে ড্র করার পর উদযাপনে মাতে আজমপুরের খেলোয়াড়রা।