ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

পাপনকে যা বলে খেলতে নেমেছিলেন সাকিব

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ২১:৩৯, ৫ এপ্রিল ২০২৩
পাপনকে যা বলে খেলতে নেমেছিলেন সাকিব
সাকিব আল হাসান

বেশ ভালো অবস্থানে থেকে আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টের দ্বিতীয় দিন শেষ করেছে বাংলাদেশ দল। আজ (বুধবার) দুটো সেঞ্চুরি দেখতে মিরপুর শের-ই-বাংলায় এসেছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তবে সাকিব সেঞ্চুরি মিস করায় একটু আফসোস করেছেন তিনি।

এদিন সেঞ্চুরি থেকে মাত্র ১৩ রান দূরে থাকতে আউট হয়েছেন সাকিব। এর আগে সাদা পোশাকে তিনি সর্বশেষ সেঞ্চুরি করেছিলেন ২০১৭ সালের ১৪ মার্চ। দীর্ঘ ৬ বছরের সেঞ্চুরি খরা তার আজও কাটেনি। অ্যান্ডি ম্যাকব্রিনের স্ট্যাম্পের বাইরের বলে মারতে গিয়ে ৮৭ রানে উইকেটের পেছনে ক্যাচ দেন এ অলরাউন্ডার।

এর আগে মাত্র ৪৫ বলে সাদা পোশাকে নিজের ৩১তম ফিফটি তুলে নেন সাকিব। ফিফটি পূর্ণ করতে পরপর দুটি চারের বাউন্ডারি খেলেছিলেন তিনি। পরবর্তীতে ১১১ বলে ৮৭ রান করতে সাকিব হাঁকিয়েছেন ১৪টি চার। 

Advertisement

দিন শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে পাপন বলেন, ‘আমি সকালে এসেছিলাম তাড়াহুড়ো করে দুটি সেঞ্চুরি দেখতে। একটি হলো আরেকটি ফসকে গেল। আমাকে আগেই সাকিব বলছিল যে ও দ্রুততম সেঞ্চুরি করবে। আমি ওকে বলেছিলাম এসব চলবে না, আগে ফিফটি করো। তাড়াহুড়া করো না। ও ভালো খেলেছে কিন্তু সেঞ্চুরিটা হলো না। ১৩ রান দূরে থেকে গেল।’

টেস্টে আরো অনেক দূর যেতে হবে দাবি করে পাপন বলেন, ‘খেলোয়াড়দের সবার মানসিকতা এখন ইতিবাচক। তবে টেস্টে এখনও আমরা আহামরি কোনো ভালো দল না। আজকের খেলা দেখে মনে হচ্ছে খুব ভালো, কালকে মেজাজটাই খারাপ ছিল। এটাই বাস্তবতা, এখনও আমাদের অনেক দূর যেতে হবে।’

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!