দক্ষিণ ইতালির সর্ববৃহৎ নগরী নেপলস এখন শুরু করেছে শিরোপা উৎসবের ক্ষণ গণনা। নাপোলিকে ১৯৯০ সালের পর প্রথম সিরি আর চ্যাম্পিয়ন হিসেবে আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় রয়েছে সমর্থকরা। বর্তমানে ১৯ পয়েন্টের ব্যবধানে টেবিলের শীর্ষে রয়েছে নাপোলি।
লিগে ১১ ম্যাচ বাকী থাকতে এত বড় ব্যবধানে এগিয়ে যাওয়া নেপলসবাসী এখন তাদের ক্লাবটিকে নিয়ে ঐতিহ্যগত কুসংস্কারের উর্ধ্বে উঠে শিরোপা উৎসবে মেতে উঠার প্রস্তুতি নিচ্ছে। নিশ্চিত জয়ের প্রত্যাশায় এরই মধ্যে শহরটিকে নীল ও সাদা রঙে সাজাতে শুরু করেছে তারা।
.png)
তৃতীয় শিরোপা জয়ের সম্মানে তিন নম্বর সংখ্যাটিকে দলীয় পতাকা ও ব্যানারে ছাপানোর উদ্যোগ নিয়েছে নেপলসবাসী। এমনকি শহরে ছড়িয়ে থাকা ম্যুরালগুলোতেও এই সংখ্যাটি শোভা পেতে যাচ্ছে।
নাপোলি তারকা আর্জেন্টিনার কিংবদন্তি প্রায়ত দিয়েগো ম্যারাডোনা ১৯৮৭ সালে প্রথমবারের মতো নাপোলিকে শিরোপা এনে দেওয়ার পর বলেছিলেন, নাপোলির একটি স্কুদেত্তো জুভেন্টাসের ১০টি শিরোপার সমান।
প্রয়াত ম্যারাডোনার প্রতিকৃতিও নাপোলির বর্তমান দলের খেলোয়াড়দের প্রতিকৃতির সঙ্গে শোভা পাচ্ছে। সর্বোচ্চ গোলদাতা ভিক্টর ওশিমেন, উইং উইজার্ড খভিচা কোয়ারাটসোলিয়াদের প্রতিকৃতি এখন শোভা পাচ্ছে পুরো শহরজুড়ে।
সিরি আ ও চ্যাম্পিয়ন্স লিগে ২৫ গোল করে নেপলসের হিরো বনে গেছেন ওশিমেন। একটি কফি শপে তার নামে কফিও বিক্রি হচ্ছে। যেটি পরিবেশন করা হয় বড় একটি গ্লাসে। এছাড়া তার সম্মানে ডেজার্ট বানিয়েছে একটি পেস্ট্রি শপ। তৈরি হয়েছে ওশিমেনের অবয়বে চকলেট।