ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ-২০২৩

চেন্নাইকে হারিয়ে গুজরাটের উড়ন্ত সূচনা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০:২৮, ১ এপ্রিল ২০২৩
চেন্নাইকে হারিয়ে গুজরাটের উড়ন্ত সূচনা
চেন্নাইকে হারিয়ে গুজরাটের উড়ন্ত সূচনা

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৬তম আসরের উদ্বোধনী ম্যাচে গুজরাট টাইটান্সের মুখোমুখি হয়েছিল চেন্নাই সুপার কিংস। এ ম্যাচে চেন্নাইকে ৫ উইকেটে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। এর মধ্য নতুন আসরে উড়ন্ত সূচনা করলো হার্দিক পান্ডিয়ার দল। 

শুক্রবার আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গুজরাট টাইটান্সের বিপক্ষে মাঠে নেমেছিল চেন্নাই সুপার কিংস। এ ম্যাচে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭৮ রান করে ধোনির দল। জবাবে ব্যাট করতে নেমে ৪ বল হাতে রেখে পাঁচ উইকেটের দুর্দান্ত জয় পায় গুজরাট।

এদিন টস জিতে চেন্নাইকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় গুজরাট অধিনায়ক হার্দিক পান্ডিয়া।

Advertisement

এ ম্যাচে ইনিংস উদ্বোধনে নামেন ডেভন কনওয়ে ও রুতুরাজ গায়কোয়াড। অবশ্য শুরুতেই কনওয়েকে হারিয়ে শুরু হয় চেন্নাইয়ের ইনিংস।

এরপর মঈন আলিকে নিয়ে ইনিংস লম্বা করতে থাকেন গায়কোয়াড। তবে রশিদ খানের ঘূর্ণিতে সাজঘরে ফেরেন মঈন। আউট হওয়ার আগে ২৩ রান করেন তিনি। এরপর বেন স্টোকসের (৭) উইকেটও তুলে নেন আফগান এই স্পিনার।

অন্যপ্রান্তে গুজরাট লায়ন্সের সঙ্গে একাই লড়তে থাকা রুতুরাজ ফিফটি পূর্ণ করেন মাত্র ২৩ বলে।  

অবশ্য আম্বাতি রাইডুও টিকতে পারেননি বেশিক্ষণ। ১২ রানে উইকেট হারান তিনি। ঝড়ো ব্যাট করতে থাকা রুতুরাজকে থামান আলজারি জোসেপ। ৫০ বলে তার ৯২ রানের ইনিংটি সাজানো ছিল ৯ ছক্কা ও ৪ চারে।

শেষদিকে শিবাম দুবের ১৯ ও মহেন্দ্র সিং ধোনির অপরাজিত ১৪ রানের ইনিংসে ভালো সংগ্রহ পায় চেন্নাই।  

গুজরাটের হয়ে জোড়া উইকেট শিকার করেন জোসেপ, মোহাম্মদ শামি ও রশিদ খান। একটি উইকেট নেন জস লিটল।  

চেন্নাইয়ের ১৭৯ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করেন ঋদ্ধিমান সাহা ও শুভমান গিল। ২৪ বলে তারা গড়েন ৩৭ রানের জুটি। ঋদ্ধিমানকে ২৫ রানে ফিরিয়ে এই জুটি ভাঙেন হাঙ্গারগেকার।

এরপর সাই সুদর্শন এসে সঙ্গ দেন শুভমানকে। ৩৫ বলে দুইজনে গড়েন ৫৩ রানের জুটি। শুভমানের ফিফটি স্পর্শ করতে লাগে ৩০ বল।

২২ রানে সুদর্শন বিদায় নিলে ব্যাট করতে নামে পান্ডিয়া। তবে ৮ রানেই উইকেট হারান গুজরাট অধিনায়ক। একপ্রান্তে লড়তে থাকা শুভমানের উইকেট তুলে নেন দেশপান্ডে। গুজরাট ওপেনার ৩৬ বলে ৬৩ রানের ইনিংস খেলে সাজঘরে ফেরেন।

এরপর ২১ বলে ২৭ রান করে দলের জয় সহজ করে দেন বিজয় শঙ্কর। শেষদিকে রশিদ খান ও রাহুল তেওয়াতিয়ার ব্যাটে জয় নিয়ে মাঠ ছাড়ে গুজরাট।  

৩ বলে ১০ রানের ক্যামিও ইনিংস খেলে অপরাজিত থাকেন রশিদ। তেওয়াতিয়া করেন ১৪ বলে অপরাজিত ১৫ রান।

তবে গুজরাট টাইটান্সের হয়ে ব্যাট হাতে দক্ষতা দেখিয়েছেন শুভমান গিল। পাশাপাশি রশিদ খানের অলরাউন্ড নৈপুণ্যে সহজেই জয় তুলে নেয় হার্দিক পান্ডিয়ার দল।  

চেন্নাইয়ের হয়ে একাই ৩ উইকেট তুলে নেন হাঙ্গারগেকার। একটি করে উইকেট শিকার করেন জাদেজা ও দেশপান্ডে।  

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!