এ ম্যাচে সেলেসাওদের দায়িত্বে ছিলেন ব্রাজিলের অনুর্ধ্ব-২০ দলের কোচ রামোন মেনেজেস। এদিন স্বাগতিক মরক্কোর কাছে ২-১ গোলের ব্যবধানে হেরে যায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
ব্রাজিলের টানাপোড়েনের মাঝে দলটির কোচ নিয়ে নানা গুঞ্জন শোনা যাচ্ছে। এ তালিকায় কখনো রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি, আবার কখনো স্প্যানিশদের সাবেক গুরু লুইস এনরিকের নাম উঠে এসেছে।
.png)
এরই মধ্যে কয়েকটি স্প্যানিশ গণমাধ্যমের খবর, ব্রাজিল জাতীয় দলের কোচ হওয়ার সম্ভাবনায় আছেন বার্সেলোনা ও স্পেনের সাবেক কোচ এনরিকে। তবে এই গুঞ্জনকে উড়িয়ে দিয়েছেন তিনি নিজেই।
বুধবার কাদেনা সার রেডিওতে এক সাক্ষাৎকারে এনরিকে বলেন, ব্রাজিলের কেউ আমার সঙ্গে কোনো যোগাযোগ করেনি। জাতীয় দল থেকে কিছু প্রস্তাব অবশ্য পেয়েছি, তবে কোনো ক্লাব থেকে পাইনি। তবে সম্ভাবনা নাকচ করতে চাই না। খুব শক্তিশালী কোনো জাতীয় দল পেলেই আমি দায়িত্ব নেব।
প্রসঙ্গত, ২০২২ বিশ্বকাপের পর স্পেনের কোচের দায়িত্ব থেকে বিদায় নেন এনরিকে। এরপর এখন পর্যন্ত নতুন কোনো দায়িত্ব নেননি তিনি।