তবে ইন্দোনেশিয়ান কর্মকর্তারা দাবি করছে, ফিফার অভিযোগ, তারা নাকি বিশ্বকাপ আয়োজনের সবগুলো শর্ত পূরণ করেননি।
আগামী মে মাসেই অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ টুর্নামেন্ট শুরু হওয়ার কথা ছিল ইন্দোনেশিয়ায়। আসরটি মে মাসের ২০ তারিখ থেকে জুনের ১১ তারিখ পর্যন্ত চলতো। মূলতঃ ইসরায়েল দলের অংশগ্রহণ নিয়ে সৃষ্ট সঙ্কট থেকেই ফিফা দেশটির বিশ্বকাপ আয়োজনের মর্যাদা কেড়ে নেয়।
.png)
ইন্দোনেশিয়ান ফুটবল ফেডারেশন (পিএসএসআই) বলছে, তাদের অন্যতম বড় দ্বীপ বালি ইসরায়েলের ম্যাচ আয়োজনে অস্বীকৃতি জানানোর পর টুর্নামেন্টের ড্র স্থগিত করে দেয় তারা। এরপরই ফিফা দেশটির বিশ্বকাপ আয়োজকের মর্যাদা বাতিল করার ঘোষণা দেয়।
ফিফার এক বিবৃতিতে বলা হয়েছে, ‘চলমান ঘটনাবলীর কারণে ফিফা সিদ্ধান্ত নিয়েছে ইন্দোনেশিয়ার কাছ থেকে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ আয়োজকের মর্যাদা বাতিল করার জন্য।’
ফিফা আরো জানিয়েছে, ‘খুব দ্রুততম সময়ের মধ্যেই নতুন কোনো আয়োজক দেশের নাম ঘোষণা করা হবে। শুধু তাই নয়, টুর্নামেন্ট আয়োজনের জন্য নির্ধারিত যে তারিখ রয়েছে, সেটাকে বলবৎ রেখেই নতুন আয়োজক নির্ধারণ করা হবে।’
শুধু বিশ্বকাপ আয়োজকের মর্যাদা কেড়ে নেয়াই নয়, ইন্দোনেশিয়া ফুটবল ফেডারেশনের ওপর আরও বড় ধরনের কোনো নিষেধাজ্ঞা আসার সম্ভাবনার কথাও জানিয়েছে ফিফা।