সোমবার চট্টগ্রামে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-২০ মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। এ ম্যাচে টসের পরেই সাগরিকার পাড়ে বৃষ্টি হানা দেয়। এতে নির্ধারিত ১৭ ওভারে ২০২ রান করে টাইগার বাহিনী। আর আইরিশদের ১২৫ রানে গুঁড়িয়ে দিয়ে নিজেদের দ্বিতীয় সেরা ৭৭ রানের জয় পায় সাকিবরা।
এ ম্যাচ শেষে সাকিব আল হাসান জানিয়েছেন, পূর্বের ম্যাচগুলোর মতো ধারাবাহিক ভালো ক্রিকেটে মনোযোগ ছিল তাদের।
.png)
তিনি আরো বলেন, ‘গত কয়েক ম্যাচের মতো পারফর্ম করতে চেয়েছিলাম। সেটা পেরেছি। আমরা যদি সেরা দল হতে চাই, উইকেটে গিয়ে শুরু থেকেই নিজেকে মেলে ধরতে হবে। ওভাবেই খেলার সিদ্ধান্তেই নিয়েছিলাম আমরা।’
এ ম্যাচে ব্যাটিংয়ের সময় আইরিশ স্পিনার হ্যারি টেক্টরের বল খেলতে অসুবিধায় পড়েন সাকিবরা। স্লো বলে টার্ন থাকায় বিপজ্জনক মনে হয়েছিল তাকে। এজন্য স্পিন ঘূর্ণিতেই সফরকারীদের উড়িয়ে দিয়েছে সাকিবের দল।
বিষয়টি উল্লেখ করে সাকিব বলেন, ‘হ্যারি টেক্টর স্লো বল করলে তা বেশ ঘুরছিল। তখনই আমার মনে হয়েছিল, স্পিনারদের জন্য সুবিধা আছে। সেজন্য শুরুতে হাত ঘুরানোর সিদ্ধান্ত নিই। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেলে ৩-০ করার কথা ভাবে। বড় দলের মতো আমরাও তেমনই ভাবছি।’
টি-২০ সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে নতুনদের সুযোগ দেওয়ার কথা জানিয়ে তিনি বলেন, শেষ ম্যাচে তারা নতুন দুই-একজনকে সুযোগ দিতে চান। তাতে আইরিশদের হোয়াইটওয়াশ করার পরিকল্পনায় কোন পরিবর্তন আসবে না। তার মতে, একাদশের বাইরে থাকা ক্রিকেটাররা সেরাটা দেওয়ার জন্য মুখিয়ে আছে।