ভারতীয় খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ক্রিকেটারও তিনি। নামের পিছনে রয়েছে ওয়ানডে ক্রিকেটে তিনটি ডাবল সেঞ্চুরির রেকর্ড। অথচ জানা যায় এক সময় এ ব্যাটারের ব্যাট কিনতেই হিমশিম খেতে হয়েছিল। যার কারণে মানুষের বাড়িতে দুধ ডেলিভারির কাজও করতেন তিনি। তিনি আর কেউ নন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা।
সম্প্রতি এমনই মন্তব্য করেছেন ভারতের সাবেক স্পিনার ও রোহিতের বন্ধু প্রজ্ঞান ওঝা। জিও সিনেমাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন ভারতীয় অধিনায়কের জীবন সংগ্রামের কথা।

.png)
তিনি বলেন, ‘রোহিত মধ্যবিত্ত পরিবারের ছেলে। আমার মনে আছে, সে একবার বেশ আবেগপ্রবণ হয়েই আমাকে বলেছিল, ক্রিকেটের সরঞ্জাম কেনাটা কীভাবে তার পরিবারের জন্য চাপ হয়ে দাঁড়িয়েছে। খেলার সরঞ্জাম কিনতে রোহিত দুধের প্যাকেট ডেলিভারির কাজও নিয়েছিল।’
রোহিতের সঙ্গে ওঝার পরিচয় দীর্ঘদিনের। একসঙ্গে খেলেছেন অনূর্ধ্ব–১৫ ক্রিকেট দলে। সময়ের পরিক্রমায় একজন দেশের অন্যতম সেরা তারকা হলেও, আরেকজন ছেড়েছেন ক্রিকেট ক্যারিয়ার।
তবে এখনও ওঝা আছেন ক্রিকেটের সঙ্গেই। বর্তমানে ওঝা আইপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য। এরপর তারা অনেকদিন জাতীয় দলের ড্রেসিংরুমও ভাগাভাগি করেছেন।