কলকাতার নতুন অধিনায়ক হলেন যিনি
অবশেষে সব গুঞ্জনের অবসান। ঘোষণা করা হয়েছে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) নতুন অধিনায়কের নাম। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসন্ন মৌসুমে দলটির নেতৃত্ব দেবেন নিতিশ রানা। সোমবার (২৭ মার্চ) কেকেআরের অফিসিয়াল টুইটারে এক ভিডিও বার্তায় খবরটি জানানো হয়েছে।
চোটের কারণে গোটা আইপিএল থেকেই ছিটকে গেছেন কলকাতা নাইট রাইডার্সের নিয়মিত অধিনায়ক শ্রেয়স আইয়ার। তাই চলতি আসর শুরুর আগেই নতুন অধিনায়কের নাম ঘোষণা করতে হতো ফ্র্যাঞ্চাইজিটিকে। যেখানে দলটির বাংলাদেশি দুই ক্রিকেটার সাকিব আল হাসান ও লিটন দাসের নামও শোনা যাচ্ছিল জোরেশোরেই।
মনে করা হচ্ছিল, সাকিব ও লিটনের মধ্যে কাউকে কেকেআরের দায়িত্ব দেওয়া হতে পারে। কারণ সাকিব দীর্ঘদিন বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন। লিটনও অধিনায়কের দায়িত্ব পালন করেছেন বেশ কয়েকবার। কিন্তু সাকিবদের আইপিএলে খেলা নিয়ে বাধে বিপত্তি।
বিসিবি থেকে এখনো অনাপত্তিপত্র (এনওসি) পাননি সাকিব ও লিটন। জানানো হয়েছে দেশের খেলা শেষ করেই তবে তারা আইপিএলে যেতে পারেন। আর তাই কার্যত শেষ হয়ে যায় তাদের অধিনায়ক হওয়ার পথ।
সাকিব-লিটনদের পর গুঞ্জন শোনা যায় দুই ক্যারিবিয়ান সুনিল নারিন ও আন্দ্রে রাসেলকে নিয়েও। রাসেল দলকে নেতৃত্ব দিতেই পারতেন। কিন্তু কেকেআরের কোচ চাইছিলেন দেশীয় কোনো ক্রিকেটারকে অধিনায়ক করতে। সেই দৌড়েই সবাইকে পেছনে ফেলে দিলেন নিতিশ।
দিল্লির হয়ে ঘরোয়া ক্রিকেট খেলেন নিতিশ। আন্তর্জাতিক ক্রিকেটে এখনো তার অভিষেক হয়নি। কিন্তু দিল্লির হয়ে সব ধরনের ক্রিকেটেই পাওয়া যায় তাকে। অতীতে দিল্লিকে সফলভাবে নেতৃত্ব দিয়েছেন তিনি। এবার শাহরুখের দলের গুরুদায়িত্ব তার কাঁধে।