ক্যারিয়ারে শুরু দিকে চার বছর কাটিয়েছেন জার্মান ক্লাব বরুসিয়া ডর্টমুন্ডে। সেখানে প্রথম দেখা হয় বর্তমান লিভারপুলের কোচ ইয়ুর্গেন ক্লপের সঙ্গে। ক্যারিয়ারের শুরু থেকে বর্তমান লেভানদোভস্কি হওয়ার পিছনের কারিগড় তিনি। তাই এই কোচকে বাবার মতো দেখেন পোলিশ তারকা।
শনিবার (১৮ মার্চ) ইএসপিএনকে দেওয়া সাক্ষাৎকারে ক্লপকে নিয়ে এই কথা বলেছেন লেভানদোভস্কি। এছাড়া তার বার্য়ান কোচ ও পেপ গার্দিওলা এবং কার্লো আনচেলত্তিকে নিয়ে কথা বলেছেন পোলিশ এই স্ট্রাইকার।
.png)
লিভারপুল কোচকে ‘পিতৃতুল্য’ বলে লেভা বলেন, ‘সে বাবার মতো হয়ে উঠতে পারে। সব সময় আপনাকে সাহায্য করবে। আবার এই একই ব্যক্তি প্রতিনিয়ত ভালো করার জন্য আপনাকে তাগাদা দেবে। তার কাছে গিয়ে বলা যায়, আমরা সবাই মানুষ আর সব মানুষেরই সীমাবদ্ধতা আছে। সে শুধুই কোচ নয়, জীবন নিয়েও তার কাছ থেকে অনেক কিছু শেখার আছে।’
ডর্টমুন্ড ক্যারিয়ারে ক্লপের সঙ্গে একটি ঘটনা উদাহরণ হিসেবে টেনেছেন বার্সেলোনার এই তারকা স্ট্রাইকার, ‘সেই ঘটনাটা আমার ক্যারিয়ার পাল্টে দিয়েছে। এটা প্রথম মৌসুম কিংবা দ্বিতীয় মৌসুমের শুরুর দিকের ঘটনা। ফর্ম ভালো ছিল না। গোল পাচ্ছিলাম না। ক্লপ আমার কাছে কী চান, সেটাও বুঝতে পারছিলাম না। একটি ম্যাচ হারের পর এ নিয়ে সরাসরি তার সঙ্গে কথা বলি।’
তিনি আরো বলেন, ‘হোটেলে প্রায় মধ্যরাতে তাকে বলেছি, তুমি কী চাও আমার কাছে বুঝতে পারছি না। আমার কাছে তোমার প্রত্যাশাটা কী? ভেবেছিলাম, ৫ থেকে ১০ মনিট এসব নিয়ে কথা হবে। কিন্তু আমরা প্রায় দেড় ঘণ্টা এ নিয়ে কথা বলেছিলাম। মনে হচ্ছিল, আমি আমার বাবার সঙ্গে কথা বলছি।’
লেভানদোভস্কি বলে, ‘১৬ বছর বয়সে বাবাকে হারিয়েছি। তারপর থেকে কেউ আমার সঙ্গে ওভাবে কথা বলেনি। সেই ঘটনার তিন দিন পর বুন্দেসলিগায় আমি অগসবুর্গের বিপক্ষে নেমে হ্যাটট্রিক করে এবং একটি গোলও করাই। ৪–০ গোলে জিতেছিলাম ম্যাচটি।’