অবশেষে সাদা পোশাকের ক্যারিয়ারের ২৮তম সেঞ্চুরির দেখা পেয়েছেন কোহলি। আহমেদবাদে সিরিজের চতুর্থ ও শেষ টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে ক্যারিয়ারের ৭৫তম শতক পূরণ করেছেন তিনি।
সিরিজের শেষ টেস্টের চতুর্থ দিনে কোহলির সঙ্গে বেশ ভালো সঙ্গ দিতে থাকেন শ্রীকর ভারত। দুজনই দেখেশুনে খেলতে থাকেন। কিন্তু ৩০-এর অঙ্ক পেরোনোর পর স্ট্রাইক বাড়াতে থাকেন তিনি। ওই সময় তিনি ক্যামেরুন গ্রিনের পরপর দুই বলে ছক্কা হাঁকান।
.png)
এরপরই তার আগ্রাসী মনোভাবের নেতিবাচক ফল আসে। কোহলির রান যখন ৯৮, তখনই আউট হয়ে ফেরেন শ্রীকর। যা কোহলির ওপরও কিছুটা চাপ তৈরি করে। তবে দ্রুতই সেঞ্চুরি পূরণ করেন সাবেক ভারতীয় অধিনায়ক।
এর আগে ম্যাচের দ্বিতীয় দিনের বেলা পুরাবার আগে ব্যাট করতে নামে ভারত। তাদের সামনে ছিল প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার করা ৪৮০ রান। জবাবে ব্যাট করতে নেমে ভালো শুরু এনে দেন রোহিত শর্মা ও শুভমান গিল।
গিলের ১২৮ ইনিংসের পাশাপাশি রোহিত ৩৫, চেতেশ্বর পূজারা ৪২ রান করেন। তবে তারা ফিরে গেলে স্বাগতিকদের এগিয়ে নেওয়ার ভার কাঁধে নেন কোহলি। ২৭তম সেঞ্চুরির পর টেস্টে আরেকটি শতকের দেখা পেতে কোহলিকে ৪১টি ইনিংস খেলতে হয়েছে।
বর্তমানে খেলছেন এমন খেলোয়াড়দের মধ্যে টেস্টে সেঞ্চুরির সংখ্যায় কোহলি আছেন তিন নম্বরে। ৩০ সেঞ্চুরি নিয়ে অজি ব্যাটার স্টিভ স্মিথ শীর্ষে এবং তারচেয়ে একটি কম সেঞ্চুরিতে সাবেক ইংলিশ অধিনায়ক জো রুট দুইয়ে আছেন।