বৃহস্পতিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ইংলিশদের দেওয়া ১৫৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ঝড়ো এক ফিফটি হাঁকিয়েছেন শান্ত। ইংলিশ পেসার মার্ক উডের বলে বোল্ড হওয়ার আগে ৩০ বলে ৮ বাউন্ডারিতে ৫১ রানের ইনিংস খেলেন বাঁহাতি এই ব্যাটার।
এদিন তৃতীয় উইকেটে অভিষিক্ত তৌহিদ হৃদয়ের সঙ্গে ৩৯ বলে ৬৫ রানের দুর্দান্ত এক জুটি গড়েন শান্ত। যে জুটিতে ভর করেই সহজে ১৫৭ রান তাড়া করতে পেরেছে বাংলাদেশ।
.png)
শুধু ফিফটির ইনিংসই নয়, ফিল্ডিংয়ের সময় গুরুত্বপূর্ণ তিনটি ক্যাচও নিয়েছেন শান্ত। ইংলিশ অধিনায়ক জস বাটলার, ডেভিড মালান আর স্যাম কুরানের ক্যাচ নিয়ে প্রশংসায় ভাসছেন তিনি।
শান্তর নৈপুণ্যেই আন্তর্জাতিক টি-২০তে ইংল্যান্ডকে প্রথমবারের মতো হারিয়েছে বাংলাদেশ। এর আগে টি-২০ বিশ্বকাপের মঞ্চে ইংলিশদের সঙ্গে একবারই মুখোমুখি হয়েছিল টাইগাররা। সেদিন বাংলাদেশকে তুলোধুনো করে জয় তুলে নেয় থ্রি লায়ন্সরা।