বৃহস্পতিবার চট্টগ্রামে অনুষ্ঠিত হবে বাংলাদেশ ও ইংল্যান্ডের মধ্যকার ৩ ম্যাচের টি-২০ সিরিজ। তবে ইতোমধ্যে টাইগারদের প্রধান কোচ চন্ডিকা হাথুরু সিংহের মনে জায়গা করে নিয়েছেন রনি তালুকদার।
বুধবার সাগরিকায় সংবাদ সম্মেলনে এসেছিলেন হাথুরুসিংহে। সেখানে তিনি বলেন, আমি ম্যাচ সিনারিওতে ওদের দেখতে চাই। আমি তাকে (রনি) শুধুমাত্র নেটে দেখেছি। যা দেখেছি তাতে আমার ভালো লেগেছে। রনিকে আমি আগেও দেখেছি।
.png)
হাথুরু প্রথম দফায় বাংলাদেশের কোচ থাকাকালেই রনির আন্তর্জাতিক অভিষেক হয়েছিল। সেই প্রসঙ্গ টেনে হাথুরু বলেন, আমার যতটুকু মনে পড়ে, সে সাউথ আফ্রিকার বিপক্ষে খেলেছিল। আমি জানি না, এরপর কী হয়েছে। সে ইনজুরি আক্রান্ত হয়েছিল নাকি অন্য ক্রিকেটাররা ওর থেকে ভালো করেছে তা জানি না। আমি এই আসরে ওদের দেখতে মুখিয়ে আছি।
এদিকে, বিপিএল ও ঘরোয়া লিগে ভালো করে দলে ঢুকেছেন তৌহিদ হৃদয় ও তানভীর ইসলামের মতো ক্রিকেটাররা।
তাদের বিষয়ে হাথুরু জানান, তারা ঘরোয়া ক্রিকেটে ভালো খেলেছে। জাতীয় দলে ভালো করার সুযোগ এখনই। এটার মানে এই নয় যে তারা একটি সুযোগই পাবে। আমি মনে করি তারা নিজেদের প্রমাণ করার অনেক সুযোগ পাবে। তাদের প্রতি আজকে আমার বার্তা হচ্ছে, যেমনটা খেলে এসেছো, অমনই খেলো।