ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

বুমরাহকে নিয়ে আরো দুঃসংবাদ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩:২৫, ৮ মার্চ ২০২৩
বুমরাহকে নিয়ে আরো দুঃসংবাদ
জাসপ্রিত বুমরাহ

ভারতীয় জাতীয় ক্রিকেট দলের প্রধান ফাস্ট বোলার জাসপ্রিত বুমরাহ। পিঠের চোটের কারণে দীর্ঘ সময় ধরে মাঠের বাইরে রয়েছেন তিনি। গত টি-২০ বিশ্বকাপে চোটে পড়ার পর একে একে ভারতের সব সিরিজ থেকেই বাদ পড়তে থাকেন এ পেসার।

আসন্ন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠলেও বুমরাহকে দলে পাবে না রোহিত শর্মার দল। এরই মধ্যে আইপিএল থেকেও ছিটকে পড়েছেন তিনি। দুঃসংবাদের তালিকায় সবশেষ সংযোজন, পিঠের অস্ত্রোপচারের কারণে তাকে ছাড়াই এশিয়া কাপ খেলতে হবে বিরাট কোহলিদের।

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের এক হাসপাতালে বুমরাহ’র অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। সফলভাবে এই অস্ত্রোপচার করা হলেও তাকে অন্তত ৬ মাস মাঠের বাইরে রাখার কথা জানিয়েছেন চিকিৎসকরা। তবে যত দ্রুত সম্ভব বুমরাহকে মাঠে ফেরানোর চেষ্টা করছে ভারত।

Advertisement

নিজেদের মাটিতে অক্টোবর-নভেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপে বুমরাহকে দলে পাওয়াই এখন ভারতের মূল লক্ষ্য। তার অস্ত্রোপচার সম্পন্ন করেছেন অকল্যান্ডের শল্য চিকিৎসক রোয়ান শাউটন। তার অধীনে এর আগেও জোফরা আর্চার ও শেন বন্ডের মতো পেসাররা অস্ত্রোপচার শেষে মাঠে ফিরেছিলেন। 

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, ‘বুমরাহ’র বিষয়ে যা বলার, সব ভারতীয় ক্রিকেট বোর্ড বলবে। হাসপাতাল কোনো বিবৃতি দেবে না।’ তবে অন্তত ৬ মাসের জন্য বুমরাহ’র মাঠের বাইরে থাকার বিষয়ে অনানুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে দেশটির সংবাদমাধ্যম। 

সুস্থ হওয়ার পরও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে সময় লাগবে বুমরাহ’র। কেননা বিশ্বকাপ খেলার জন্য তার প্রয়োজনীয় ফিটনেসে উন্নতি করতে হবে। সেজন্য তার পুনর্বাসনে কোনো কমতি রাখতে চায় না বিসিসিআই।

গত বছরের জুলাইয়ে পিঠের ব্যথায় ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় এক দিনের ম্যাচ খেলতে পারেননি বুমরাহ। সেই থেকে তার চোট শুরু। এরপর অজিদের বিরুদ্ধে টি-২০ সিরিজের দলে নেয়া হয় তাকে। কিন্তু এক ম্যাচ খেলেই তিনি ফের চোটে পড়েন। 

এরপর থেকে বুমরাহর ক্রিকেট ক্যারিয়ারের সম্ভাব্য ঝুঁকি এড়াতে তাকে দলের বাইরে রাখার সিদ্ধান্ত নেয় বোর্ডের মেডিক্যাল কমিটি। পরবর্তীতে তার পিঠে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেয়া হয়।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!