জানা গেছে, ‘গেম ক্লক’ নামে নতুন নিয়মের কথা আলোচনা করছেন ফিফার কর্মকর্তারা। এই নিয়ম চালু হলে মাঠে থাকা রেফারি ও চতুর্থ রেফারির কাছে একটি ঘড়ি থাকবে। আর সেই ঘড়িতেই দেখা যাবে ঠিক কতক্ষণ খেলা হয়েছে।
তার মানে, মাঠে যতক্ষণ বল গড়াবে ঠিক ততক্ষণই খেলার সময় হিসাব করা হবে। সেটি দেখা যাবে রেফারিদের ঘড়িতেও। ফলে গোলরক্ষক বল ধরে সময় নষ্ট করার চেষ্টা করলে কিংবা বল খেলার বাইরে গেলে সেই সময় ঘড়ি থেকে বাদ যাবে।
.png)
এর ফলে খেলার ঠিক ৯০ মিনিটের হিসাব পাওয়া যাবে। হকিতে আগে থেকেই এই নিয়মে সময় মেপে খেলা হয়।
সবশেষ অনুষ্ঠিত হওয়া কাতার বিশ্বকাপে সময় নষ্ট এড়াতে ফিফা কিছু প্রযুক্তি নিয়ে এসেছিল। ফলে গোলের পর ফুটবলারদের উল্লাস কিংবা থ্রো করার আগে বল কতক্ষণ মাঠের বাইরে ছিল, সেটার একটা হিসাব করা হয়েছিল। এ কারণে প্রায় প্রতিটি ম্যাচেই অতিরিক্ত সময় অন্যান্য বিশ্বকাপের তুলনায় অনেক বেশি ছিল।
ফিফার এ নিয়মে খানিকটা অবাক হচ্ছিলেন ফুটবলপ্রেমীরা। এমনকি ১৪ মিনিট পর্যন্ত অতিরিক্ত সময় দেওয়া হয়েছিল এই বিশ্বকাপে। তবে ফিফা যে প্রযুক্তি আনতে যাচ্ছে, তাতে আরও বাড়তে পারে অতিরিক্ত সময়।