প্রথম ওয়ানডেতে কিছুটা প্রতিরোধ গড়তে পারলেও দ্বিতীয় ওয়ানডেতে বলতে গেলে অসহায় আত্মসমর্পণ করেছে স্বাগতিকরা। ঘরের মাঠে এখন হোয়াইট ওয়াশের চোখরাঙানি।
অবশ্য দলের এমন বাজে পরিস্থিতি থেকেও ঘুরে দাঁড়ানোর সুযোগ দেখছেন টাইগারদের স্পিন কোচ রঙ্গনা হেরাথ। ম্যাচের আগের দিন দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে এসেছিলেন সাবেক লঙ্কান এই ক্রিকেটার।
.png)
সাংবাদিকদের হেরাথ বলছিলেন, আমরা এরই মধ্যে ইংল্যান্ডের কাছে দুই ম্যাচ হেরেছি। আমাদের এখান থেকে ঘুরে দাঁড়ানোর পথ খুঁজতে হবে। সামনে বিশ্বকাপ, আমাদের হাতে দুইটি সিরিজ আছে আয়ারল্যান্ড এবং আফগানিস্তান।
হেরাথ বলেন, হারা দলের অংশ হয়ে থাকাটা কঠিন। তবে হারজিত খেলার অবিচ্ছেদ্য অংশ। ইংল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডেতে ভালো খেলার জন্য মুখিয়ে আছি আমরা। বিশ্বকাপ সামনে রেখে আমাদের সর্বোচ্চ সামর্থ্য দেখাতে হবে।
চট্টগ্রামে প্রচুর রান হয়ে থাকে, সবশেষ ভারতের বিপক্ষে সিরিজেও রান উঠেছিল অনেক। তবে এবারের উইকেটে ভিন্ন কিছুর আশা দেখছেন হেরাথ। তিনি বলেন, আসলে এখানে কিছুটা ভিন্ন ধরণের উইকেটও থাকতে পারে। ভারত সিরিজের মতো এবার সেরকম কিছু ঘটবে না বলেই আশা করি।