বাকি ছিল কেবল আনুষ্ঠানিকতা। এরই মধ্যে শেষ হয়েছে সেটিও। পিএসজি সতীর্থ এমবাপ্পেকে হারিয়ে ফিফা দ্য বেস্ট ফুটবলার নির্বাচিত হয়েছেন মেসি।
চলতি মৌসুমে পিএসজির সঙ্গে লিওনেল মেসির চুক্তি নবায়ন হবে কিনা সেটা সময় বলবে। যদি না হয়, তাহলে আগামী জুনের পর কোন ক্লাবে তার ঠিকানা হতে পারে এ নিয়ে অনেকদিন ধরেই আলোচনা চলছে।
.png)
সম্ভাব্য ক্লাবের তালিকায় আমেরিকা ও সৌদি ক্লাবের সঙ্গে নাম ছিল মেসির শৈশবের ক্লাব নিওয়েলস ওল্ড বয়েজেরও। সবমিলিয়ে ফুটবল নিয়েই ছিল মেসির ব্যস্ততা। কিন্তু তাতে কিছুটা ধাক্কা দিয়েছে এক অনাকাঙ্ক্ষিত হুমকি।
সম্প্রতি স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জোর বাবা অর্থাৎ মেসির শ্বশুরের দোকানে হামলার পর তাকে হুমকি দিয়েছে মাদক কারবারিরা। এ ঘটনার পর জন্মস্থান ও পিতৃভূমি রোজারিও’তে যাওয়া নিয়েও শঙ্কা তৈরি হয়েছে মেসির।
একইসঙ্গে শৈশবের ক্লাব নিওয়েলস ওল্ড বয়েজ ক্লাবের সঙ্গে দূরত্ব তৈরি হতে পারে বলে মনে করছেন জাতীয় দলে মেসির সাবেক সতীর্থ। আর্জেন্টিনার সাবেক ডিফেন্ডার গ্যাব্রিয়েল হেইঞ্জ বর্তমানে নিওয়েলস ওল্ড বয়েজের কোচ।
তার কাছে ক্লাবের সঙ্গে মেসির সম্পর্ক নিয়ে জানতে চাওয়া হয়। ক্রীড়া ভিত্তিক সংবাদমাধ্যম মার্কা’য় হেইঞ্জের সাক্ষাৎকারটি প্রকাশ করা হয়েছে। যেখানে মেসির সাবেক সতীর্থ বলছেন, ‘এ ঘটনা সব মানুষের কাছে স্পষ্ট করে দিয়েছে যে এখানে কী চলছে।’
এরপর তিনি বলেন, ‘অবশ্যই এ ধরনের ঘটনা মেসিকে ক্লাব থেকে দূরে সরিয়ে নিচ্ছে। আমরা এই বিষয়টা নিয়ে এখন কথা বলছি, কারণ এখানে মেসি জড়িত। কিন্তু অন্য অনেকেই আছে, যারা আর্জেন্টিনায় ফিরতে চায়।’
তিনি যোগ করেন, ‘সে আমাদের খেলোয়াড় বলে তাকে নিয়ে কথা বলছি, আমার সঙ্গে মেসির সম্পর্কটাও একটা কারণ। আসলে পুরো বিষয়টা একটি পাগলামি, এটা অনেক কিছু নিয়ে ভাবতে বাধ্য করবে।’
বুধবার দিবাগত রাত ২টার (স্থানীয় সময়) দিকে রোজারিওতে রোকুজ্জোদের দোকানে এলোপাতাড়ি ১৪টি গুলি চালায় অজ্ঞাত দুই মোটরসাইকেল আরোহী। সে সময় দোকানের দরজা বন্ধ থাকলেও সেটি ভেদ করে ভেতরের গ্লাসও ভেঙে যায়।
পরে হামলাকারীরা ঘটনাস্থলে একটি চিঠি ফেলে যান। সেখানে তারা মেসিকে হুমকি দিয়ে লেখেন, ‘মেসি আমরা তোমার অপেক্ষায় আছি। জাভকিন একজন মাদক চোরাকারবারি। সেও তোমাকে বাঁচাতে পারবে না।’
পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজে দেখা গেছে যে সেদিন মোটরসাইকেলে করে দুজন ঘটনাস্থলে আসেন। পরে তাদের একজন বাইক থেকে নেমে নির্বিচারে (ব্লাইন্ড শট) গুলি ছুড়তে থাকেন। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় মেসির উদ্দেশে লেখা একটি চিরকুট।