ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজ ২০২৩

সাকিব-তামিমের ব্যাটে লড়ছে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৭:৩৭, ৩ মার্চ ২০২৩
সাকিব-তামিমের ব্যাটে লড়ছে বাংলাদেশ
সাকিব ও তামিম

তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ইংল্যান্ডের বিপক্ষে লড়ছে বাংলাদেশ। যেখানে ইংলিশদের দেওয়া লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই তিন উইকেট হারিয়ে বিপদে পড়েছিল টাইগাররা। খাদের কিনারা থেকে দলকে টেনে তুলতে কাঁধে কাঁধ মিলিয়ে লড়ছেন সাকিব ও তামিম।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১৫ ওভারে তিন উইকেটে ৬৪ রান। এর আগে সাত উইকেটে ৩২৬ রান সংগ্রহ করেছে ইংল্যান্ড।

বাংলাদেশের হয়ে রান তাড়া করতে নেমে শুরুটা হয়েছে দুঃস্বপ্নের মতো। মুখোমুখি প্রথম বলেই আউট হন লিটন দাস। পরের বলে বাটলারের হাতে ধরা পড়েন নাজমুল হোসেন শান্ত। 

Advertisement

এখানেই শেষ নয়। নিজের পরের ওভারে এসেই মুশফিকুর রহিমকে ফেরান আগের দুই উইকেট নেয়া স্যাম কুরান। সাকিব আল হাসান ও তামিম ইকবাল মিলে এখন বিপর্যয় সামাল দিতে লড়াই করছেন।

এ পর্যন্ত ৪৮ বল খেলে ৩১ রান করেছেন তামিম। অপরপাশে তাকে সঙ্গ দিয়ে ৩৬ বল খরচায় ২৬ রান করেছেন সাকিব।

এর আগে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল। ইংল্যান্ডের হয়ে জেসন রয়ের সঙ্গে ইনিংস উদ্বোধনে নামেন ফিল সল্ট। প্রথম ছয় ওভার নির্বিঘ্নে কাটিয়ে দেন দুই ওপেনার।

সপ্তম ওভারে এসে আনন্দের উপলক্ষ পায় স্বাগতিক দল। তাসকিন আহমেদের বল সল্টের ব্যাট ছুঁয়ে চলে যায় স্লিপে দাঁড়ানো নাজমুল হোসেন শান্তর কাছে। দারুণ দক্ষতায় ডাইভ দিয়ে বলটি তালুবন্দী করেন তিনি। সল্ট ফেরেন ৭ রানে।

দ্বিতীয় উইকেটে ৫৮ রানের জুটি গড়েন রয় ও আগের ম্যাচের সেঞ্চুরিয়ান ডেভিড মালান। ১১ রানে মালান ফিরলে ভাঙে এ জুটি। এর আগে ৫৪ বলে অর্ধশতক পূরণ করেন রয়। চারে নেমে এদিনও সুবিধা করতে পারেননি জেমস ভিন্স। এ ব্যাটার ৫ রান করে সাজঘরে ফেরেন।

এরপর রয়কে সঙ্গে নিয়ে দারুণভাবে দলকে এগিয়ে নিতে থাকেন ইংলিশ অধিনায়ক জস বাটলার। দুজনের ১০৯ রানের জুটিতে দ্রুতগতিতে এগোতে থাকে ইংল্যান্ড। মাঝে ১০৪ বলে ক্যারিয়ারের দ্বাদশ সেঞ্চুরির দেখা পান রয়।

ভয়ংকর হয়ে ওঠা রয়কে লেগ বিফোরের ফাঁদে ফেলেন সাকিব আল হাসান। আউট হওয়ার আগে ১২৪ বলে ১৩২ রানের ঝড়ো ইনিংস খেলেন এ ওপেনার। তার জায়গায় নেমে ১ রানের বেশি করতে পারেননি উইল জ্যাকস।

ইনিংসের বাকি অংশে ঝড় তোলেন বাটলার ও মঈন আলী। মূলত এ দুজনের তাণ্ডবে ইংলিশদের সংগ্রহ ৩০০ ছাড়ায়। যেখানে বাটলার ৬৪ বলে ৭৬ ও মঈন আলী ৩৫ বলে ৪২ রানের ইনিংস উপহার দেন। 

শেষদিকে স্যাম কুরানের অপরাজিত ৩৩ রানের ক্যামিওতে ইংল্যান্ডের বড় সংগ্রহ নিশ্চিত হয়। বাংলাদেশের হয়ে তাসকিন আহমেদ তিনটি, মেহেদী হাসান মিরাজ দুটি এবং সাকিব আল হাসান ও তাইজুল ইসলাম একটি করে উইকেট শিকার করেন।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!