এই তালিকায় পিছিয়ে নেই ফ্রান্সের বিশ্বকাপ জয়ী তারকা ও প্যারিস সেইন্ট জার্মেইনের (পিএসজির) ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পেও। কোনোরকম প্রস্তুতি ছাড়াই একটি লাইভ অনুষ্ঠানে হাজির হয়ে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য সাহায্য চেয়েছেন তিনি।
বৃহস্পতিবার তুরস্কের এক চ্যানেলে একটি লাইভ অনুষ্ঠানে হুট করে চলে আসেন এমবাপ্পে। তার এই লাইভে অংশগ্রহণের বিষয়টা জানতেন না অনুষ্ঠানের সঞ্চালকও। তাই সেখানে উপস্থিত সবাইকে চমকে যেতে দেখা যায়।
.png)
সেখানে অংশগ্রহণ করে ফরাসি এই তারকা ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে সবাইকে অনুরোধ করেন। তিনি বলেন, ‘এই দুর্যোগের মুহূর্তে আমাদের সকলকে এক হতে হবে। সবাই সাহায্য করার জন্য এগিয়ে আসুন। আমি আমার জায়গা থেকে যা যা করা যায় তা করছি।’
বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জেতা এমবাপ্পে বলেন, ‘ফুটবল বিশ্বকে অবশ্যই এগিয়ে আসতে হবে। আমি বাচ্চাদের দায়িত্ব নিয়েছি। আমি সবসময়ই এই ধরনের কাজে থাকি। আশা করছি বাচ্চাদের মুখে আবারো হাসি ফোটাতে পারব।’
তুরস্কের একটি সংগঠনের হয়ে এই অনুষ্ঠানে নিজের উপস্থিতি জানান দেন ২৪ বছর বয়সী ফরাসি তারকা। ‘শোল্ডার বাই শোল্ডার’ নামের এই সংগঠনটি তুরস্কের ফুটবল ফেডারেশন দ্বারা অনুমোদিত। তাদের সঙ্গে কাজ করতে পেরে নিজেকে গর্বিত মনে হয়েছে এমবাপ্পের।
তিনি বলেন, ‘তুরস্কের মানুষকে সাহায্য করতেই এই আয়োজন। এটির অংশ হতে পেরে আমার খুবই ভালো লাগছে। এমন একটি মহৎ উদ্যোগের সঙ্গে থাকতে পেরে আমি গর্বিত।’
লাইভ অনুষ্ঠানে কথা বলা শেষে নিজের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টে তুরস্কের পতাকাসহ আরো কয়েকটি ইমোজি দিয়ে একটি পোস্ট করেন কিলিয়ান এমবাপ্পে।
সূত্র: গোল ডটকম, আনাদুলু এজেন্সি