ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

যে কারণে বিপিএল মাতিয়েও ডাক পেলেন না নাসির

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৭:৫৪, ২ মার্চ ২০২৩
যে কারণে বিপিএল মাতিয়েও ডাক পেলেন না নাসির
নাসির হোসেন

সদ্য সমাপ্ত বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ব্যাট-বল দুই দিকেই অলরাউন্ড পারফরম্যান্সের মাধ্যমে সকলের নজর কেড়েছিলেন নাসির হোসেন। অনেকের ধারণা ছিল ইংল্যান্ডের বিপক্ষে টি-২০ সিরিজে টাইগার স্কোয়াডে সুযোগ পাবেন তিনি। তবে বুধবার ঘোষিত সেই দলে নাসিরের জায়গা হয়নি।

ঠিক কি কারণে নাসির জায়গা পাননি সে কারণ জানিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। বৃহস্পতিবার গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘কিছু কিছু প্লেয়ারকে প্লেস বাই প্লেস বিবেচনা করা হয়েছে। সেই হিসেবে মিডল অর্ডার ব্যাটসম্যান বলেন, লেট অর্ডার বলেন, অনেক চিন্তাভাবনা করে দলটা তৈরি করা হয়েছে।’

এরপর তিনি বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে ও (নাসির) সুযোগ পায়নি। সামনে অনেক খেলা আছে, পারফর্ম করলে কেউ চোখের আড়াল হবে না। অনেক কিছুই এবার আলোচনা হয়েছে। টিম ম্যানেজম্যান্টের সঙ্গে আলাপ করেই আমরা সিদ্ধান্ত নিয়েছি।’

Advertisement

কাউকে হতাশ না হওয়ার আহ্বান জানিয়ে নান্নু বলেন, ‘ফিটনেস খুব গুরুত্বপূর্ণ, যে যেখানেই পারফর্ম করুক। আমরা যেকোনো একটা ফরম্যাটে ওই খেলোয়াড়কে যদি দরকার হয় অবশ্যই তাকে তৈরি করা হবে।’

এদিকে বিপিএলে ৪২৫ রান করে প্রায় ৮ বছর পর আবারো রনি তালুকদার ফিরেছেন জাতীয় দলে। তবে তার ফেরার ক্ষেত্রে শুধু পারফরম্যান্স নয়, ফিটনেসও বড় ভূমিকা রেখেছে বলে জানালেন নান্নু।

তিনি বলছিলেন, ‘বয়স কোনো বিষয় নয়, এখানে মূল ব্যাপার হচ্ছে ফিটনেস। এটা খুব বেশি গুরুত্বপূর্ণ এখন। আন্তর্জাতিক ক্রিকেটে এত বেশি ম্যাচ হয়, প্রতি মাসেই আন্তর্জাতিক ক্রিকেট থাকে। সঙ্গে ফ্র্যাঞ্চাইজি ও ঘরোয়া ক্রিকেটও আছে। তাই ফিটনেসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ।’ 

নান্নু যোগ করেন, ‘তাই ফিটনেসটা অনেক গুরুত্বপূর্ণ। এটা সবার জন্যই একটা ইতিবাচক বার্তা, যারা ঘরোয়াতে পারফর্ম করছে তাদের জন্য। বয়স কোনো বিষয় নয়, ফিটনেস এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।’

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!