পালমেইরাসের মিডফিল্ডার গ্যাব্রিয়েল মেনিনো শখ করেছিলেন, রোনালদোর মতো ফিটনেস অর্জন করবেন। তাই পর্তুগিজ তারকার খাদ্যাভ্যাসের সূচি অনুসরণ করেছিলেন তিনি। আর তাতেই বেধেছে বিপত্তি।
এই সূচি মানতে গিয়ে মেনিনোর মনে হয়েছিল, তিনি মারা যাচ্ছেন! ব্রাজিলের স্থানীয় সংবাদমাধ্যম ‘পালমেইরাস কাস্ট’-এর সঙ্গে আলাপচারিতায় এ কথা বলেছেন মেনিনো। সেখানে তিনি বলেন, ‘আমি ওয়ার্মআপ করতাম এবং কোনোভাবে আর দৌড়াতে পারতাম না।’
.png)
এরপর তিনি বলেন, ‘আমার শুধু মনে হতো, আমি মরে যাব। ম্যাচের পাঁচ মিনিট পরই আমি আমি মাঠে আর দৌড়াতে পারতাম না। আমার পরিবর্তে বিকল্প খেলোয়াড় নামানোর প্রয়োজন হতো। সে (মিরেটস) বুঝতে পেরেছিল আমি ভালো ছিলাম না।’
মেনিনো যোগ করেন, ‘আমার ওজন ঠিকঠাক ছিল। কিন্তু আমি নিজেকে বদলাতে চেয়েছিলাম। আমি পালমেইরাসের পুষ্টিবিদ মিরটেসকে বলি আমার জন্য ক্রিস্টিয়ানো রোনালদোর মতো করে খাদ্যতালিকা বানিয়ে দিতে। আমি রোনালদোর মতো হতে চেয়েছিলাম।’
পালমেইরাসের বয়সভিত্তিক দলে বেড়ে ওঠা ২২ বছর বয়সী এ মিডফিল্ডার ২০১৯ সাল থেকে ক্লাবটির মূল দলে খেলছেন। ২০২০-২১ মৌসুমে পালমেইরাসের পর্তুগিজ কোচ আবেল ফেরেইরার তৃতীয় পছন্দ ছিলেন মেনিনো।
অর্থাৎ দলে তার পজিশনে কোচের তৃতীয় পছন্দের খেলোয়াড়। এ অবস্থায় কোচের প্রথম পছন্দের খেলোয়াড় হতে রোনালদোর মতো হতে চেয়েছিলেন মেনিনো।