শুরুর দিকে নাসরের হয়ে মাঠে নেমে তেমন সুবিধাও করতে পারছিলেন না রোনালদো। তবে ধীরে ধীরে নিজের খোলস ছেড়েছেন এই সুপারস্টার। সর্বশেষ চার ম্যাচের দুটিতেই হ্যাটট্রিক করেছেন তিনি। যার মাধ্যমে জিতে নিয়েছেন সৌদির প্রো-লিগে মাস সেরার পুরষ্কার।
গত মাসে লিগের চার ম্যাচে ৮ গোল করেছেন রোনালদো। এমনকি সতীর্থদের আরো দুটি গোলে বল জোগান দিয়েছেন তিনি। যা তাকে ফেব্রুয়ারির শেষে এসে পুরষ্কার এনে দিয়েছে। এর আগে লিগে জানুয়ারি মাসের সেরা হওয়ার পুরষ্কার জিতেছিলেন রোনালদোর প্রতিদ্বন্দ্বী ক্লাব আল-হিলালের সালেম আল দাওসারি।
.png)
গত জানুয়ারিতে দলের হয়ে কোনো স্কোর এবং অ্যাসিস্ট করতে পারেননি রোনালদো। তবে ফেব্রুয়ারিতে অসাধারণ নৈপুণ্যে আল নাসরকে পয়েন্ট টেবিলের শীর্ষে নিয়ে গেছেন তিনি। নিজের স্বভাবজাত পারফরম্যান্সও যথারীতি ধরে রেখেছেন এ ফরোয়ার্ড।
৩৮ বছর বয়সী পর্তুগিজ ফরোয়ার্ড ক্যারিয়ারের পড়ন্ত বেলায় অবস্থান করছেন। গত ৩ ফেব্রুয়ারি ক্লাব ক্যারিয়ারের ৫শ গোল পূর্ণ করেছেন রোনালদো। এর মাত্র ৬ দিন পরই আল-ফাতেহ’র বিপক্ষে নতুন লিগের হয়ে নিজের প্রথম হ্যাটট্রিক করেন রোনালদো।
আরো চারদিন পরে তিনি নিজের দ্বিতীয় হ্যাটট্রিকের দেখা পান। গত শনিবার তার হ্যাটট্রিক গোলেই মাসের শেষ ম্যাচে জয় পায় আল-নাসর। আগামী শুক্রবার নিজেদের মাঠে আল-বাতিনকে আতিথ্য দেবে পর্তুগিজ সুপারস্টারের দল।
ক্রিস্টিয়ানো রোনালদোকে দলে টানার আগে লিগে শীর্ষস্থানে ছিল না আল-নাসর। তবে রোনালদোকে দলে টানতেই যেন বদলে গেছে দৃশ্যপট। সৌদির ক্লাবে সই করার আগে ৬১টি হ্যাটট্রিক করেছেন রোনালদো। কয়েকদিনের ব্যবধানে তিনি সেটিকে ৬৩’তে পরিণত করেছেন।