ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

লেগ স্পিনার খুঁজতে বিসিবির উদ্যোগ

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৯:০৩, ১৭ ফেব্রুয়ারি ২০২৩
লেগ স্পিনার খুঁজতে বিসিবির উদ্যোগ
নাজমুল হাসান পাপন

দেশের ক্রিকেটে স্পিনার মানেই বাঁহাতি কিংবা অফ স্পিনের ছড়াছড়ি। কালেভদ্রে লেগ স্পিনারের উত্থান দেখা যায়। তবে যে-ই আসে, স্রোতের দৌড়ে একাদশে টিকে থাকতে পারে না। তাই বাংলাদেশে কথায় বলা হয় লেগ স্পিনার পালা হাতি পালার সমান। একজন লেগ স্পিনারের যত্ন কি করে নিতে হয় সেটা বাংলাদেশ ঠিক জানে না।

সাম্প্রতিক সময়ে বাংলাদেশ জাতীয় দলে তো নয়ই, ঘরোয়া ক্রিকেট কিংবা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও কোনো লেগ স্পিনারের দাপট দেখা যায়নি। বিশ্ব ক্রিকেটে অন্যান্য দেশগুলো যেখানে অন্তত একজন লেগ স্পিনার নিয়ে খেলে, সেখানে বাংলাদেশই একমাত্র ব্যতিক্রম। তবে এবার আক্ষেপ ঘুচাতে লেগ স্পিনার হান্টে নামছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বাংলাদেশ দলের কোচিং প্যানেলে বেশ পরিবর্তন এসেছে। সাকিব-তামিমদের সামলাতে লঙ্কান কোচ চন্ডিকা হাতুরুসিংহেকে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব দিয়েছে বোর্ড। এ ছাড়া চলতি মাসেই বিসিবির হেড অব প্রোগ্রাম পদে দায়িত্ব গ্রহণ করেছেন ডেভিড মুর। মূলত তার চাওয়াতেই লেগ স্পিনার খোঁজার কাজ করবে বিসিবি।

Advertisement

বৃহস্পতিবার বিপিএলের ফাইনাল শেষে মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন। সেখানেই লেগ স্পিনার খুঁজতে হান্ট আয়োজনের বিষয়টি নিশ্চিত করেছেন তিনি। এ প্রসঙ্গে পাপন বলেন, ‘বিপিএল কিংবা কোনো লিগেই লেগ স্পিনার আসছে না।’

এরপর তিনি বলেন, ‘সাম্প্রতিক সময়ে আমরা যে ম্যানেজারকে (হেড অব প্রোগ্রাম) নিয়েছি সে আমাকে লেগ স্পিনার খুঁজতে সারাদেশে হান্টিং শুরু করার কথা জানিয়েছে। প্রতিটি জেলা ও বিভাগ অনুযায়ী এই হান্টিং চলবে। পরে সেখান থেকে কিছু খেলোয়াড় নির্বাচন করার চেষ্টা করবে। আমার দৃঢ় বিশ্বাস আমরা কয়েকটা ছেলে তো পাবোই।’

পাপন আরো বলেন, ‘হয়তো এখনই তারা পুরোপুরি প্রস্তুত না। তবে এখনই জাতীয় দলে খেলতে পারবে এমন ছেলে পাব না। আমরা যদি পটেনশিয়ালিটি আছে এমন কাউকে পাই, তাদের ভালো কোচের অধীনে ৬ মাসের অনুশীলনে যুক্ত করতে পারি। এতে এক বছর পরে হলেও আমরা একজন ভালো লেগ স্পিনার পাওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা ওই চেষ্টাটাই করব।’

এদিকে ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ দলের সাদা বলের দুই ফরম্যাটের সিরিজ আগামী ১ মার্চ শুরু হবে। সমান তিনটি করে ওয়ানডে ও টি-২০ ম্যাচকে সামনে রেখে আগামী ২০ ফেব্রুয়ারি ঢাকায় পা দেবেন কোচ হাতুরুসিংহে।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!