গত ৩০ ডিসেম্বর মারাত্মক সড়ক দুর্ঘটনার শিকার হন পান্ট। রোড ডিভাইডারের সঙ্গে ধাক্কা লেগে আগুন ধরে যায় তার পুরো গাড়িতে। সে যাত্রায় বেঁচে ফিরলেও তার শরীরের অনেকাংশ পুড়ে যায়। যে কারণে ভারতের সদ্য সমাপ্ত সিরিজ তো বটেই, দীর্ঘ সময়ের জন্য দল থেকে ছিটকে গেছেন তিনি।
এদিকে আজ থেকে ভারতের নাগপুরে শুরু হয়েছে অ্যালান বোর্ডার-সুনীল গাভাস্কার সিরিজ। ৪ ম্যাচের টেস্ট সিরিজে নিশ্চিতভাবেই দলে থাকতেন পান্ট। কিন্তু এখনো যিনি সুস্থ হওয়ার লড়াই চালিয়ে যাচ্ছেন, তার জন্য এটি চিন্তা করাও দুরূহ।
.png)
পান্টের অনুপস্থিতির জন্য দলের কম্বিনেশন ভেঙে গেছে বলে মনে করছেন দেশটির ক্রিকেট কিংবদন্তি কপিল দেব। দলে তার না থাকা মেনে নিতে পারছেন না তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে ১৯৮৩ বিশ্বকাপজয়ী অধিনায়ক বলেন, ‘তাকে খুব ভালোবাসি। সে শিগগির সুস্থ হোক এমনটা চাই।’
এরপর কপিল বলেন, ‘তবে সুস্থ হলেই তাকে চড় মারব। তাকে বলব নিজের খেয়াল রাখতে। এরপর বলব দেখ, তোমার চোট দলের কম্বিনেশন নষ্ট করে দিয়েছে। তার প্রতি ভালোবাসা ও স্নেহের সঙ্গে ক্ষোভও আছে। আজকের সময়ের তরুণেরা কেন যে এমন ভুল করে। এ জন্য হলেও একটা চড় খাওয়া উচিত।’
বর্তমানে চোট পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে আছেন পান্ট। গাড়ি চালিয়ে ঘরে ফেরার পথে ঘুমিয়ে পড়লে উত্তরাখন্ডের রুরকি শহরের কাছে দুর্ঘটনায় পড়েন তিনি। এতে হাঁটুর মূল তিনটি লিগামেন্টই ছিঁড়ে গেছে পান্টের। ১০ দিন আগে তার হাঁটুতে অস্ত্রোপচার করা হয়।
চিকিৎসকদের মতে, হাসপাতাল ছাড়লেও সবমিলিয়ে খেলায় ফিরতে পান্টের ৪-৬ মাস পর্যন্ত সময় লাগতে পারে।
আন্তর্জাতিক ক্যারিয়ারে পান্ট এখন পর্যন্ত ৩৩টি টেস্ট, ৩০টি ওয়ানডে ও ৬৬টি টি-২০ ম্যাচ খেলেছেন। টেস্টে ৫টি এবং ওয়ানডেতে একটি সেঞ্চুরি রয়েছে তার। টেস্টে প্রায় ৪৪ এবং ওয়ানডের জার্সিতে ৩৪ দশমিক ৬০ গড়ে রান করেছেন তিনি।