ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

২০২৮ অলিম্পিকে ছয় দলের টি-২০ রাখার প্রস্তাব আইসিসির

স্পোর্টস ডেস্ক:
প্রকাশিত: ১৩:৫৩, ২২ জানুয়ারি ২০২৩
২০২৮ অলিম্পিকে ছয় দলের টি-২০ রাখার প্রস্তাব আইসিসির
ছবি: সংগৃহীত

অলিম্পিক গেমসে সব ধরণের খেলা থাকলেও ক্রিকেট নেই। তবে এবার ক্রিকেট অন্তর্ভুক্তের জোর চেষ্টা চালাচ্ছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। আয়োজকদের কাছে ২০২৮ অলিম্পিকে ছয় দলের টি-২০ রাখার প্রস্তাব দিয়েছে তারা। 

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে হতে যাওয়া ২০২৮ অলিম্পিকে ছেলে ও মেয়েদের দুটি ইভেন্ট চায় ক্রিকেটের বৈশ্বিক সংস্থা। তবে লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ক্রিকেট থাকবে কি না, সেই সিদ্ধান্ত এখনো হয়নি। তার জন্য অপেক্ষা বাড়ছে।

আগামী মার্চে নতুন খেলা অন্তর্ভুক্তকরণ নিয়ে বৈঠকে বসবে লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের আয়োজক কমিটি। সেখানেই প্রাথমিক আলোচনা হবে। চূড়ান্ত সিদ্ধান্ত হবে অক্টোবরে অনুষ্ঠেয় ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির (আইওসি) সভায়। সভাটি হবে ভারতের মুম্বাইয়ে।

এরই মধ্যে অলিম্পিকে ক্রিকেট অন্তর্ভুক্তকরণ বিষয়ে একটি কমিটি করেছে আইসিসি। কমিটিতে আছেন আইসিসি চেয়ারম্যান গ্রেগ বার্কলে, বিসিসিআই সচিব জয় শাহ, স্বতন্ত্র পরিচালক ইন্দ্রা নুয়ি এবং যুক্তরাষ্ট্র ক্রিকেটের সাবেক প্রেসিডেন্ট পরাগ মারাঠে।

ইএসপিএন ক্রিকইনফোর ভাষ্যমতে, ছেলে ও মেয়েদের ক্রিকেটে ছয় দলের ইভেন্ট প্রস্তাব করলেও এখনো টুর্নামেন্টের কাঠামো চূড়ান্ত করেনি আইসিসি। তবে প্রস্তাব বাস্তবায়ন হলে র‍্যাংকিংয়ের শীর্ষে থাকা ৬টি দল অলিম্পিক খেলার সুযোগ পাবে বলে ধারণা করা হচ্ছে।

ক্রিকেটে টেস্ট, ওয়ানডে ও টি-২০'র পাশাপাশি টি-টেন ও সিক্স-এ-সাইড ক্রিকেটের প্রচলন আছে। এর মধ্যে টি-২০ বেছে নেওয়া হয়েছে আইওসি ও লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের আয়োজক কমিটির পরামর্শে। 

ওইদিকে আইওসি সিদ্ধান্ত নিয়েছে, অলিম্পিকে অ্যাথলেটের সংখ্যা কমিয়ে আনা হবে। এর মধ্যে ২০২৪ প্যারিস অলিম্পিকে মোট অ্যাথলেট সংখ্যা ১০ হাজার ৫০০–এর ভেতরে রাখার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সর্বশেষ টোকিও অলিম্পিকে ছিল ১১ হাজার ৩০০।

ডেইলি-বাংলাদেশ/সালি
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!