ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ খেলা ]
কাতার বিশ্বকাপ-২০২২

ফাইনালের আগে মেসির চোট, গুঞ্জন না সত্যি?

স্পোর্টস ডেস্ক:
প্রকাশিত: ১৮:৪৪, ১৬ ডিসেম্বর ২০২২
ফাইনালের আগে মেসির চোট, গুঞ্জন না সত্যি?
ছবি: ফিফা

চলছে কাতার বিশ্বকাপ ২০২২, দেখতে দেখতে এরইমধ্যে শেষ হয়ে গেছে আসরের প্রায় সব খেলা। আর মাত্র দুটো ম্যাচ বাকি। 

এক তৃতীয় স্থান নির্ধারনী। আর অন্যটি মেগা ফাইনাল।  যে ফাইনালে প্রতিদ্বন্দিতা করবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্স ও আর্জেন্টিনা।

এবার বিশ্বকাপের শিরোপা লড়াইয়ে লুসাইল স্টেডিয়ামে ১৮ ডিসেম্বর রোববার মুখোমুখি হবে ফ্রান্স ও আর্জেন্টিনা। 

৩৬ বছরের শিরোপাখরা ঘোচাতে পারলে বেশ কিছু নজির গড়বে আর্জেন্টিনা। সেই সঙ্গে আকাশী সাদাদের কান্ডারি লিওনেল মেসির সামনেও অনেক রেকর্ড গড়ার সুযোগ থাকবে।

ফাইনালের আগে বিভিন্ন গণমাধ্যমের খবরে শোনা যাচ্ছে চোটে পড়েছেন লিওনেল মেসি। যদিও সেই চোট কতোটা গুরুতর সে নিয়ে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন বা দলের দায়িত্বে থাকা কারও কাছ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। 

মূলত মেসির ফাইনালের আগে ট্রেনিং শেসনে না থাকায় এমন গুঞ্জনের শুরু।

ফাইনালের আগে পুরো ফিট মেসিকে পাবে কী আর্জেন্টিনা আবারও সেই প্রশ্ন উঠেছে। ক্রোয়েশিয়ার বিপক্ষে সেমিফাইনাল ম্যাচের শেষ দিকে আর্জেন্টিনার অধিনায়ককে দেখা গেছে পায়ের পেছনে হাত দিয়ে নুয়ে থাকতে। মুখেও ছিল অস্বস্তির ছাপ।

আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি অবশ্য সে শঙ্কা উড়িয়ে দিয়েছেন। তবে গতকাল বৃহস্পতিবার অনুশীলনে ছিলেন না মেসি। তাই এলএম টেনের ইনজুরি নিয়ে আবারও উঠছে প্রশ্ন।

ইএসপিএন আর্জেন্টিনার খবর অনুযায়ী গতকাল স্কালোনির দলের অনুশীলনের প্রথম ১৫ মিনিট সংবাদমাধ্যমের জন্য উন্মুক্ত ছিল। অনুশীলনে মেসিকে না দেখেই তার হ্যামস্ট্রিংয়ের অবস্থা জানার চেষ্টা করেন সাংবাদিকেরা। 

আর্জেন্টিনার বিভিন্ন সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, হ্যামস্ট্রিংয়ে হালকা সমস্যা আছে মেসির। সেই সমস্যার পরিচর্যা করছেন সময়ের অন্যতম সেরা এই তারকা।

আগামী ৪৮ ঘণ্টার মধ্যে চোটের অবনতি না হলে অর্ধেক ফিটনেস নিয়েও মেসি ফাইনালে খেলবেন। ইএসপিএনের খবর, মেসি অনুশীলন না করলেও দলের আরও কয়েকজন খেলোয়াড়ের সঙ্গে জিম করেছেন এবং নিজেকে সতেজ করে তোলার চেষ্টায় ছিলেন।

আর্জেন্টিনার ফরোয়ার্ড পাওলো দিবালা চোট নিয়েই কাতারে পা রেখেছিলেন। আর কাতারে এসে চোটে চোটে পড়েছিলেন উইঙ্গার আনহেল দি মারিয়া। ফাইনালের আগে এখন দুজনই পুরো ফিট আছেন। 

ডেইলি-বাংলাদেশ/সালি
লিংক সফলভাবে কপি হয়েছে!