ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ খেলা ]
কাতার বিশ্বকাপ-২০২২

সফল বিশ্বকাপের পর এবার কাতারের চোখ অলিম্পিকে

স্পোর্টস ডেস্ক:
প্রকাশিত: ২২:০২, ৫ ডিসেম্বর ২০২২
সফল বিশ্বকাপের পর এবার কাতারের চোখ অলিম্পিকে
ছবি: ফিফা

হাটি হাটি পা পা করে শেষের দিকে চলে এসেছে কাতার বিশ্বকাপ-২০২২। আর মাত্র ১৩ দিন বাকি, তার পরই ১৮ ডিসেম্বর পর্দা নামবে এবারের এই জমজমাট আসরের। তাদের এই ফুটবল বিশ্বকাপের সাফল্যের সঙ্গে সঙ্গেই এবার অলিম্পিক আয়োজনের স্বপ্ন দেখছে কাতার।

কাতার চাইছে ২০৩৬ সালের অলিম্পিক আয়োজন করতে। যদিও সরকারি ভাবে এখন আবেদন করা হয়নি। তবে আগামী দিনে অলিম্পিকের জন্য তাদের বিড করতে দেখা গেলে অবাক হওয়ার কিছু নেই।

কবে ২০৩৬-এর আয়োজক দেশের নাম জানানো হবে, তা নিয়ে এখনও কোনও কথা বলেনি আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি)। তবে কাতার যে সেই লড়াইয়ে অংশ নেবে, তা অনেকটাই পাকা।

যদি সফল হয়, তবে প্রথম মুসলিম দেশ হিসেবে অলিম্পিক আয়োজন করবে তারা। ফুটবল বিশ্বকাপের মতো অলিম্পিকেও বছরের শেষে আয়োজন করার দাবি জানানো হবে। তবে তা মানা হবে কিনা কেউই জানে না।

কাতার সরকারের এক সূত্র সংবাদ সংস্থা রয়টার্সকে বলেছেন, ‘বিশ্বকাপের এই সাফল্য কাতারকে বাকিদের থেকে অনেক উপরের দিকে রাখবে। আমরা সফল, প্রমাণ করে দিয়েছি। ২০০৬ সালে এখানে এশিয়া গেমস হয়েছিল। আবার ২০৩০-এ আমরা আয়োজক। সব পরিকাঠামো রয়েছে এখানে। তাই আমাদের দায়িত্ব দিতে কোনও অসুবিধা নেই।’

২০২৪-এ অলিম্পিক হবে প্যারিসে। তার পরের দু’টি অলিম্পিক হওয়ার কথা লস অ্যাঞ্জেলেস এবং ব্রিসবেনে। ২০৩৬-এর আয়োজক এখনও ঠিক হয়নি। কিন্তু এখন থেকেই আশার প্রহর গুণছে কাতার। 

কাতারের দাবি, ফুটবল বিশ্বকাপের জন্য যে পরিকাঠামো তৈরি করেছে তারা, আগামী দিনে তার রক্ষণাবেক্ষণ এবং উন্নতি করা হবে। অর্থাৎ আবহাওয়ার ব্যবস্থা, রাস্তাঘাট, বিমানবন্দর, মেট্রো সবই তাদের কাছে তৈরি রয়েছে। তাই ১৪ বছর পর অলিম্পিক আয়োজন করতে অসুবিধা হওয়ার কথা নয়। বরং পরিকাঠামোর আরও উন্নতি হবে। সূত্র : গার্ডিয়ান।

ডেইলি-বাংলাদেশ/সালি
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!