নেইমারের ব্রাজিল যে ম্যাচে ৭-০ গোলে হেরেছিল বাংলাদেশের কাছে
এবারের ২০২২ কাতার বিশ্বকাপে অন্যতম ফেভারিট দল ব্রাজিল। হেক্সা মিশনে ষষ্ঠবারের মতো শিরোপা জয়ের সম্ভাবনা তাদের সামনে। এদিকে ইতিহাসও তাদের পক্ষেই কথা বলছে। সে উদ্দেশে মাঠও দাপিয়ে বেড়াচ্ছে তারা। কিন্তু আমরা কি জানি এ ব্রাজিলকেই একসময় বাংলাদেশ ৭-০ গোলে পরাজিত করেছিল।
বাংলাদেশের কাছে ব্রাজিলের পরাজয়, শিরোনাম দেখে চমকে ওঠারই কথা। অনেকের কাছে হাস্যকর কিংবা কল্পনাতীতও মনে হতে পারে। তবে সত্যটা হলো, বাংলাদেশ ফুটবল দলের কাছে এই বিশাল ব্যবধানে পরাজিত হয়েছিল ব্রাজিল।
এই ঘটনাটি ঘটেছিল ১৯৯০ সালে। সেবার বাংলাদেশ থেকে বাংলা একাদশ নামের একটি দল যায় ডানা কাপ এবং গথিয়া কাপ খেলতে। ডানা কাপ এখনও হয়। সেটি হয় ডেনমার্কে। আর গথিয়া কাপ সুইডেনে। এই দুইটি টুর্নামেন্টকে যুবা ফুটবলারদের মিলনমেলা হিসেবে ধরা হয়।
ডানা কাপে সেবার ফাইনালে উঠেছিল বাংলা একাদশ এবং ব্রাজিল। সেলেসাওদের বিখ্যাত হলুদ জার্সিতেই মাঠে নেমেছিল ব্রাজিলের অনূর্ধ্ব-১৪ দলের ফুটবলাররা। ঐ ম্যাচে ব্রাজিলকে ৭-০ গোলের ব্যবধানে হারিয়েছিল বাংলার যুবারা।
সে সময়ে এই অবিস্মরণীয় জয় নিয়ে তোলপাড় হয়ে গিয়েছিল যে, বাংলাদেশ ৭-০ গোলে ব্রাজিলকে হারিয়েছে। এবং ফাইনালে যাওয়ার পথে বিশ্বের অন্যান্য পরাশক্তিগুলোকেও ৫-৬টা করে গোল দিয়েছিল বাংলার যুবারা। যদিও ঐ আসরে খেলোয়াড়দের বয়স হবার কথা ছিলো অনূর্ধ্ব ১৪ বা ১৫।
তবে বাংলাদেশের খেলোয়াড়দের বয়স ছিল তার চেয়ে কিছুটা বেশি। তবে তারা খেলতে পেরেছিল। কারণ, তাদের অফিশিয়াল বয়স ছিল ১৫’র কম। সেই হিসেবে, তাদের বয়স একটু বেশি হলেও খেলতে কোনো বাধা ছিল না।