ঢাকা,  শনিবার   ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

এবারের ব্যালন তাহলে বেনজেমারই?

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯:১০, ১১ আগস্ট ২০২২
এবারের ব্যালন তাহলে বেনজেমারই?
করিম বেনজেমা

ফরাসি তারকা করিম বেনজেমা গত মৌসুম থেকেই আছেন আগুন ফর্মে। রিয়াল মাদ্রিদের চ্যাম্পিয়ন্স লিগ পুনরুদ্ধারের মিশনে তিনি ছিলেন বড় কারিগর। উয়েফা সুপার কাপ জয়ের পর বেনজেমাই এবার ব্যালন ডি’অর জিতবেন বলে মনে করেন রিয়াল কোচ কার্লো আনচেলত্তি।

বুধবার রাতে রিয়ালের উয়েফা সুপার কাপ জয়ে বড় অবদান রেখেছেন বেনজেমা। শিরোপা জেতার পর টানা পারফর্ম করা এই স্ট্রাইকারের প্রশংসায় পঞ্চমুখ হন আনচেলত্তি। তিনি বলেন, এবারের ব্যালন ডি’অর বেনজেমা ছাড়া কেউই জিততে পারবেন না।

হেলসিঙ্কিতে গত রাতে অনুষ্ঠিত উয়েফা সুপার কাপে রিয়াল মাদ্রিদ ২-০ গোলে আইনট্র্যাখট ফ্রাঙ্কফুর্টকে হারিয়েছে। এর ফলে ইউরোপীয় চ্যাম্পিয়নরা মৌসুমটা শিরোপা জিতে তো শুরু করেছেই, ভাগ বসিয়েছে বার্সেলোনা আর এসি মিলানের সর্বোচ্চ সুপার কাপ জয়ের কীর্তিতেও।

রিয়ালের এই জয়ের প্রধান কারিগর ছিলেন ডেভিড আলাবা আর করিম বেনজেমা। প্রথমার্ধে গোলের খাতায় নাম লিখিয়েছেন আলাবা, আর বেনজেমার গোল এসেছে ম্যাচের ৬৫ মিনিটে।

এই গোলের ফলে দলের জয় নিশ্চিত করার পাশাপাশি বেনজেমা একটা কীর্তিও গড়েছেন। রিয়াল মাদ্রিদের জার্সি গায়ে এটি ছিল তার ৩২৪তম গোল। যার ফলে রিয়াল মাদ্রিদের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় রাউল গনজালেসকে সরিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন তিনি।

এই শিরোপা জয়ের ফলে রেকর্ড গড়ে ফেলেছেন কোচ অ্যানচেলত্তিও। প্রথম কোচ হিসেবে চারবার উয়েফা সুপার কাপে ছোঁয়া লেগেছে তার হাতে। তবে নিজের রেকর্ডের চেয়ে রিয়ালের জয়টাকেই বড় করে দেখছেন তিনি।

আনচেলত্তি বলেন, ‘আইনট্র্যাখট খুব কাছাকাছি ছিল আমাদের। আমাদের ছন্দ খুঁজে পেতে বেশ বেগ পেতে হয়েছে। কিন্তু এরপর আমরা বেশ ভালো করেছি। নিজেদের পূর্ণ ছন্দ নিয়ে মৌসুমের শুরুটা করা বেশ কঠিন। তবে আমরা এখন শিরোপা জিতেছি, যার ফলে মৌসুমের শুরুটা ভালোই হলো।’

এরপর বেনজেমার একরাশ প্রশংসা ঝরে পড়ল রিয়াল কোচের কণ্ঠে। আনচেলত্তির ভাষায়, ‘সে আমাদের খুবই গুরুত্বপূর্ণ খেলোয়াড়। সে একজন নেতা। আজ এখানে আমরা আছি তার কৃতিত্বে। সে অনেক গোল করে, গেল মৌসুমের শেষটা ভালো করেছে। আজও গোল করল সে। এখন তার ব্যালন ডি’অর জেতার পালা।’

ডেইলি-বাংলাদেশ/এএল
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!