প্রায় এক যুগ পর অভিনয়ে ফিরলেন আশরাফুল
মোহাম্মদ আশরাফুলকে ক্রিকেটার হিসেবেই চেনে সবাই। তবে তিনি কিন্তু অভিনয়ও পারেন। মাঝে দীর্ঘ সময় ছিলেন এই কাজের বাইরে। তবে সম্প্রতি আবারো ক্যামেরার সামনে ফিরেছেন তিনি। সময়ের হিসেবে যা প্রায় এক যুগ তথা ১১ বছর পর!
২০১০ সালে টি-টোয়েন্টি নামের একটি খণ্ড নাটকে কাজ করে নিজের অন্য প্রতিভার কথা জানান দিয়েছিলেন দেশের ক্রিকেটের তৎকালীন সুপারস্টার আশরাফুল। এর বছর দুয়েক পরেই ফিক্সিং কাণ্ডে হারিয়ে যান তিনি।
ঝঞ্ঝাবিক্ষুব্ধ সময় কাটিয়ে বছর কয়েক আগে আবারো ক্রিকেটে ফিরেছেন আশরাফুল। আর এবার একটি ধারাবাহিক নাটকে কাজ শুরু করেছেন তিনি। জানা গেছে, আশরাফুল অভিনীত ধারাবাহিক নাটকটির নাম গোল্ডেন সিক্স। নাটকটি রচনা ও পরিচালনা করছেন তারিক মুহাম্মদ হাসান।
গত ২৫ নভেম্বর থেকে রাজধানীর কয়েকটি লোকেশনে নাটকটির শুটিং শুরু হয়েছে। গোল্ডেন সিক্স নাটকটি শিগগিরই বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভিতে প্রচার হবে বলে নির্মাতা সূত্রে জানা গেছে।
গণমাধ্যমকে অভিনয়ে ফেরা প্রসঙ্গে আশরাফুল বলেন, এর আগেও তারিক ভাইয়ের নাটকে অভিনয় করেছিলাম। প্রথমবার সেভাবে বুঝতেই পারিনি অভিনয় কেমন করে করতে হয়। কিন্তু এবার অনুশীলনও করতে হয়েছে।
তিনি আরো বলেন, চরিত্রটি কীভাবে ফুটিয়ে তোলা যায়, তা নিয়ে পরিচালকের সঙ্গে কথা বলেছি। আশা করছি পরবর্তী পর্বগুলোর শুটিং পরিকল্পনা মতোই হবে।